পুকুরের ধারে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, জলে ডুবে প্রাণ হারাল ৭ বছরের শিশু! শোকের ছায়া গোটা এলাকায়

বাড়ির কাছেই পুকুর। সেই পুকুর ধারে খেলা করতে গিয়েই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। খেলতে খেলতে পুকুরের জলে ডুবে প্রাণ হারাল সাত বছরের শিশু ইয়াকুব শেখ। মুর্শিদাবাদের কান্দি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

জানা গিয়েছে, মৃত শিশু ইয়াকুব শেখ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল। শুক্রবার দুপুরে খেলতে খেলতে সে ১২ নম্বর ওয়ার্ডের ‘তিলি পুকুর’-এর গভীর জলে দুর্ঘটনাবশত ডুবে যায়।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করলেও প্রথমে তার সন্ধান মেলেনি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত খবর দেওয়া হয় প্রশাসনকে।

ডুবুরি নামিয়ে উদ্ধার
ঘটনার খবর পেয়ে কান্দি থানার আইসি মৃণাল সিনহা, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পার্থপ্রতিম সরকার দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসন ও স্থানীয়দের যৌথ উদ্যোগে পুকুরে ডুবুরি নামানো হয় এবং মাছ ধরার বড় জাল ফেলা হয়। কয়েক ঘণ্টা পর পুকুর থেকে ইয়াকুবের নিথর দেহ উদ্ধার করা হয়।

তাড়াতাড়ি উদ্ধার হওয়া শিশুটিকে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, “আমরা খবর পাওয়া মাত্রই ছুটে যাই। ডুবুরি ও মাছের জাল ফেলে দেহ উদ্ধার করা হয়। পরিবারের ছোট্ট শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুকুরটির ধারে গভীর খাদ রয়েছে। ইয়াকুব হয়তো খেলা করতে গিয়ে হঠাৎই পা পিছলে জলে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় গোটা পরিবার এবং গ্রাম জুড়ে কান্নার রোল নেমে এসেছে। কান্দি থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর আজ দুপুরে দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।