‘বাংলার মাটি, বাংলার জল’,-প্রতি স্কুলে গাইতে হবে এই গান, নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

দীর্ঘদিনের জল্পনা এবার সত্যি হলো। রাজ্যের শিক্ষা সংস্কৃতিতে এক বড় পরিবর্তন এনে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে প্রাত্যহিক প্রার্থনাসভায় এবার থেকে বাধ্যতামূলকভাবে গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’। আজ, বৃহস্পতিবার (নভেম্বর ৬, ২০২৫) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছে।

কারা মানবে এই নির্দেশ?

পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকার-পোষিত (Aided) এবং স্পনসর্ড (Sponsored) উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিন সকালে প্রার্থনাসভায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই নিয়ম পালনের ক্ষেত্রে কোনও স্কুল কর্তৃপক্ষের কোনও ধরনের শিথিলতা বা অবহেলা বরদাস্ত করা হবে না। সমস্ত স্বীকৃত স্কুলের প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে পালন করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

কেন এই গান?

উল্লেখ্য, ২০২৩ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্যের ‘রাজ্য সঙ্গীত’ হিসেবে গ্রহণের প্রস্তাব পাশ হয়।

ইতিহাস ও তাৎপর্য:

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বিখ্যাত দেশাত্মবোধক গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রচিত হয়েছিল। এই গানটির মূল লক্ষ্য ছিল হিন্দু ও মুসলিম বাঙালিদের একত্রিত করা এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করা। রাজ্য সরকারের প্রস্তাব পাস হওয়ার পর, এবার স্কুলের প্রার্থনাসভায় গানটি বাধ্যতামূলক হওয়ায় এর গুরুত্ব আরও বাড়লো।