স্ত্রী BLO, তাই ফর্ম বিলি করছেন TMC নেতা? ঘটনায় বেঁধে গেলো শোরগোল

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ১৬৯ নম্বর কেলেগোদা গ্রামে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্ব বুথের নিযুক্ত BLO (Booth Level Officer) ঋতুপর্ণা মানিক হাজরার পরিবর্তে তাঁর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা অসীম হাজরা নিজেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে SIR (Summary Revision) প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম বিলি করছেন।
কেন এই অভিযোগ?
এই কাজটি সম্পূর্ণ বেআইনি বলে সরব হয়েছেন বিরোধীরা। তাঁরা দাবি করছেন, অসীম হাজরা যেহেতু স্থানীয় তৃণমূল নেতা, তাই তাঁর দ্বারা ফর্ম বিলি করা হলে প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব হওয়ার আশঙ্কা রয়েছে।
যদিও তৃণমূল নেতা অসীম হাজরা সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, এলাকাবাসীর কাছে তিনি পরিচিত, তাই তিনিই ফর্ম হাতে পৌঁছে দিচ্ছেন। কিন্তু এই কর্মকাণ্ড নির্বাচন কমিশনের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী।
প্রশাসনের কাছে অভিযোগ ও শোকজ:
বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। স্থানীয় বিজেপি নেতৃত্ব ব্লক প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, গেরুয়া শিবিরের তরফে কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে।
অভিযোগ পাওয়ার পর দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট এবং ইআরও অতনু দাস সংবাদমাধ্যমকে কিছু বলতে রাজি না হলেও নিশ্চিত করেছেন যে, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট BLO-কে শোকজ (Show Cause) করা হয়েছে।
অন্যদিকে, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি এই বিষয়ে মন্তব্য করে বলেন, “কোন বুথে কে BLO হবেন তা নির্বাচন কমিশন ঠিক করে। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগসূত্র (ইনভলভমেন্ট) নেই।”