OMG! ফণা তুলতেই কামড়ে দিল যুবক, ঘটনাস্থলেই মৃত্যু কোবরা সাপের

সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর হামেশাই পাওয়া যায়, তবে এবার ঘটল এক বিরল উলটপূরাণ! উত্তরপ্রদেশের হরদোই জেলায় এক যুবককে কামড়ানোর চেষ্টা করায় আস্ত একটি বিষধর কোবরা সাপকে পাল্টা কামড়ে মেরে ফেলেছেন তিনি। এই খবর সামনে আসার পর থেকেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবককে দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
ঘটনাটি তারিয়াওয়ান থানা এলাকার ভাদয়ালের পুষ্পাতলি গ্রামের। স্থানীয় বাসিন্দা পুণিত নামের ওই যুবক ধানক্ষেতে কাজ করছিলেন। সে সময় চার থেকে পাঁচ ফুট লম্বা একটি কোবরা সাপ তাঁর পায়ে এসে কামড়ানোর চেষ্টা করে এবং পেঁচিয়ে ধরে।
নিজের জীবন বিপন্ন দেখে পুণিত আর দেরি করেননি। তিনি সাপটিকে হাত দিয়ে তুলে নিয়ে তার ফণায় পাল্টা কামড়ে দেন। সেই কামড়ে কোবরা সাপটির ফণা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং সাপটি সঙ্গে সঙ্গে মারা যায়।
এদিকে ততক্ষণে এই রোমহর্ষক ঘটনা জানাজানি হয়ে গিয়েছে। সাপের সঙ্গে এমন বিপজ্জনক লড়াইয়ের পর স্থানীয়রা দ্রুত পুণিতকে হাসপাতালে ভর্তি করেন। যদিও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পর চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেন। পুণিত এখন বাড়িতেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ।
এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের এক চিকিৎসক জানান, “পুণিত অত্যন্ত বিপজ্জনক কাজ করেছেন। তিনি সাপটিকে কামড়ে দিয়েছেন। যদি কোনওভাবে সাপের বিষ তাঁর মুখে প্রবেশ করত, তাহলে তাঁর মৃত্যুও হতে পারত।”
অন্যদিকে, পুণিত জানান, “জমিতে কাজ করছিলাম, তখন সাপটি আমাকে কামড়াতে আসে। নিজের জীবন বাঁচাতে আমিও মুখে কামড়ে দিই। সাপটি মারা যায়। আমি হাসপাতালে এসে এখন সুস্থ আছি।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই অবিশ্বাস্য ঘটনার কারণে পুণিত এবং মৃত সাপটিকে দেখতে আশপাশের গ্রাম থেকেও লোকজন ভিড় জমাচ্ছে।