কান্দির পর বহরমপুর! SIR-এর আতঙ্কে ফের আত্মহত্যা, গলায় দড়ি দিলেন ৫২ বছরের মুড়ি বিক্রেতা, তোলপাড় রাজ্য রাজনীতি!

ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া (SIR) শুরু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একের পর এক আত্মহত্যার ঘটনা সামনে আসছে। পানিহাটি, বীরভূম, কান্দির পর এবার মুর্শিদাবাদের বহরমপুর। এসআইআর-এর আতঙ্কে আরও এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মৃত ব্যক্তির নাম তারক সাহা (৫২)। তিনি বহরমপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ডের গান্ধী কলোনির বাসিন্দা ছিলেন এবং পেশায় ছিলেন মুড়ি বিক্রেতা।
পরিবারের সদস্যদের দাবি, তারক সাহা বিগত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর স্ত্রী প্রিয়া জানান, তাঁর স্বামী দীর্ঘ সময় ধরে আতঙ্কে ভুগছিলেন কারণ তিনি ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাচ্ছিলেন না।
এসআইআর-এর জন্য প্রয়োজনীয় পুরোনো নথি তিনি সারা ঘর জুড়ে তন্নতন্ন করে খুঁজেও পাননি। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার দুপুরে তারক সাহা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
মৃতের স্ত্রী বলেন, “২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় বেশ কিছুদিন ধরে আতঙ্কে ভুগছিলেন তারক। বস্তির অন্যান্য বাসিন্দাদেরও ঘটনা জানিয়েছিলেন তিনি।”
এদিন দুপুর ১২:৩০ নাগাদ তারকের স্ত্রী পিয়া বাড়ি ফিরে এই মর্মান্তিক দৃশ্য দেখেন। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন এলাকাবাসী। তারককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রাজনৈতিক চাপানউতোর
একের পর এক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তীব্র হয়েছে। খবর পেয়ে গান্ধী কলোনিতে পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক। তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করেন:
“বিরোধীরা চক্রান্ত করে মানুষকে আতঙ্কিত করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে।”
৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পানিহাটির প্রদীপ করের আত্মহত্যার ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরপর বীরভূম, কান্দি সহ প্রায় ৫টি আত্মহত্যার ঘটনায় এসআইআর-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে ঘরবাড়ি ছাড়তে হবে—এই আতঙ্কেই মানুষ এমন চরম পথ বেছে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।