‘আমি সাইজ করার মাস্টার, সবকটাকে জেলে ঢোকাব’! তৃণমূলকে কাকদ্বীপ থেকে শুভেন্দুর কড়া হুঁশিয়ারি!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, “আমি সাইজ করার মাস্টার, সবকটাকে সাইজ করে জেলে ঢোকাব।” তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
একইসঙ্গে, শুভেন্দু অধিকারী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন।
শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল ভোটার তালিকায় কারচুপি করে ‘ভুয়ো ভোটার’ ঢোকাতে চায়। তিনি স্পষ্ট জানান, ভোটার তালিকা সংশোধনের এই কাজকে সফল করতেই হবে এবং ভোটার লিস্টে কোনও কারচুপি বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমেই রাজ্যের জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, যারা এই কাজে বাধা দেবে বা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।