‘3 Idiots’এর মিলিমিটার আজ কোথায়, অভিনয় ছেড়ে কী করছেন তিনি

‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই ‘মিলিমিটার’কে মনে আছে? র‌্যাঞ্চো, রাজু ও ফারহান ইঞ্জিনিয়ারিং কলেজে পা দিতেই ছাত্রদের ফরমাস খাটা যে কিশোর তাদের হোস্টেলের আদব-কায়দার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই কিশোর এখন ২৭ বছরের প্রাপ্তবয়স্ক।

মিলিমিটারের চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন রাহুল শর্মা। যদিও তিনি বেশি পরিচিত রাহুল কুমার নামে। থ্রি ইডিয়টস সিনেমায় ওই সিনেমায় তার অভিনয় দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, একের পর এক সিনেমা-ধারাবাহিকে কাজ পেতে শুরু করেন তিনি।

জানা গেছে, রাহুলের পরিবারে খুব বেশি আর্থিক স্বচ্ছলতা ছিল না। তাই দশম শ্রেণিতে পড়ার সময় তিনি পড়ালেখা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক করেন, টাকা উপার্জন করার জন্য শুধু অভিনয়েই মনোনিবেশ করবেন।

এ খবর থ্রি ইডিয়টসের প্রযোজক বিধু বিনোদ চোপড়ার কানে গেলে তিনি রাহুলকে পড়ালেখার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝান। এমনকি রাহুলের পড়াশোনার খরচের ভারও নেন। এরপর পড়ালেখার প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয় রাহুলের। এমনকি একটা সময়ে পড়ালেখার জন্য একাধিক ধারাবাহিকের প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি।

রাহুল ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের নৈনিতালে জন্মগ্রহণ করেন। তার বাবা সুরেশ কুমার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। মা গীতা রূপটান শিল্পী। মাত্র তিন বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি রাহুলের। ওই বয়স থেকেই থিয়েটারে অভিনয় করতে শুরু করেন তিনি।

পরিচালক বিশাল ভরদ্বাজ যখন রাস্কিন বন্ডের লেখা গল্পানুসারে ‘দ্য ব্লু আমব্রেলা’ সিনেমা বানাচ্ছিলেন, তখন ‘টিক্কু’ নামক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য একজন শিশু শিল্পীর খোঁজ চলছিল। এ চরিত্রে অভিনয় করার জন্য অডিশন দিতে মুম্বাই আসেন রাহুল।

অডিশনের সময় রাহুলের অভিনয় ভালো লেগে যায় কাস্টিং ডিরেক্টরের। সিনেমায় পাকাপাকিভাবে জায়গা করে নেন রাহুল। তবে দ্য ব্লু আমব্রেলা রাহুলের প্রথম সিনেমা ছিল না। ১৯৯৯ সালে কম বাজেটের হিন্দি সিনেমা ‘চণ্ডাল আত্মা’-তে শিশু অভিনেতা হিসেবে কাজ করেন তিনি।

দ্য ব্লু আমব্রেলার পর বিশালের আরও একটি সিনেমায় অভিনয় করেন রাহুল। বিশাল পরিচালিত ‘ওমকারা’ সিনেমায় ‘ল্যাংড়া ত্যাগী’ নাম ভূমিকায় সাইফ আলি খানের ছেলের চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি।

ওমকারা সিনেমায় অভিনয়ের পর একাধিক ধারাবাহিকে ছোটখাট চরিত্রে অভিনয় করার সুযোগ আসে রাহুলের। ওমকারা মুক্তির প্রায় তিন বছর পর থ্রি ইডিয়টস সিনেমার মিলিমিটার চরিত্রে অভিনয়ের সুযোগ পান রাহুল।

সিনেমা ও ধারাবাহিক ছাড়াও একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অমিতাভ-বচ্চন থেকে শুরু করে শাহরুখ খানসহ বলিউডের প্রায় সব বড় অভিনেতাদের সঙ্গেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন।

রাহুল ২০১২ সালে ‘জিনা হ্যায় তো ঠোক ডালে’ নামে এক বলিউড সিনেমায় ‘বিটওয়া’র চরিত্রে অভিনয় করেন। এই সিনেমা বক্স-অফিসে মুখ থুবড়ে পড়লেও ‘মেক্সিকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ বিদেশী ভাষায় সেরা সিনেমার তকমা জোটে এই সিনেমার কপালে।

প্রায় এক দশক ধরে রাহুল ও তার ভাই শিশুদের পড়ালেখার জন্য কাজ করা এক বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করছেন। দরিদ্রদের উপকারের জন্যও রাহুল বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *