Fried Chicken-এর জন্য রণক্ষেত্র! বিয়েবাড়ি ছেড়ে থানায় বর-কনে পক্ষ, তারপর যা ঘটল…

বিয়ে বাড়ির সাজানো প্রাঙ্গণ মুহূর্তে পরিণত হলো রণক্ষেত্রে! উত্তরপ্রদেশের বিজনৌরে এক বিয়ের অনুষ্ঠান পণ্ড হওয়ার উপক্রম হলো নিছক ‘ভাজা মুরগির মাংস’ নিয়ে বর ও কনে পক্ষের তুমুল হাতাহাতির জেরে। সামাজিকতার চেয়ে ভাজা চিকেন যে বিয়ের থেকেও বড় হয়ে উঠবে, এমন পরিস্থিতি দেখে তাজ্জব দেশবাসী।
বিশাল আয়োজন, আলো ঝলমলে পরিবেশে সব ঠিকঠাক চলছিল। সমস্যা শুরু হয় খাবার টেবিলে। বরযাত্রীরা প্রথমে অভিযোগ করেন যে কন্যাপক্ষ যথেষ্ট ভাজা মুরগির মাংসের বন্দোবস্ত রাখেনি, ফলে কম পড়ছে। বরযাত্রীদের অভিযোগ পেয়ে দ্রুত আরও মুরগির মাংসের ব্যবস্থা করে কন্যাপক্ষ।
কিন্তু এরপরই পরিস্থিতি নতুন মোড় নেয়। বরযাত্রীরা যথেষ্ট ফ্রায়েড চিকেন পাওয়ার পরেও নতুন বিষয় সামনে আনেন—তাঁদের অভিযোগ, তাঁদের আপ্যায়ন বা ‘ঠিকমত খাতির’ হচ্ছে না। কন্যাপক্ষ এই অযৌক্তিক অভিযোগে প্রতিবাদ জানালে দুই পক্ষে ঝগড়া শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে গড়ায়।
বিয়েবাড়ির সুন্দর সন্ধে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ পুলিশ ডাকতে হয়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে দুই পক্ষকে বোঝান এবং পরিস্থিতি শান্ত করেন।
পুলিশি হস্তক্ষেপে একটা দীর্ঘ সময় বিয়ে থেমে থাকার পর অবশেষে পরিস্থিতি ঠান্ডা হয়। এরপরই বিয়ের কাজ পুনরায় শুরু হয়। তবে উত্তেজনা প্রশমিত হলেও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল থেকে নড়েননি। এই মারামারির ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রে।