অপহরণ ও গণধর্ষণের ৩ আসামি হিস্ট্রি-শিটার! ধৃতদের পায়ে গুলি মেরে পুলিশের বড় অ্যাকশন, তোলপাড় কোয়েম্বাটুর।

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীর অপহরণ ও গণধর্ষণের ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে মাদুরাইয়ের ওই ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে। বিশেষ পুলিশ দল সোমবার ভোরে অভিযুক্তদের ভেল্লাকিনারু পট্টথারাসি আম্মান মন্দিরের কাছে ঘেরাও করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ঘেরাও হওয়ার পর পালানোর চেষ্টা করে এবং পুলিশ দলের ওপর ধারালো ‘দা’ (Sickle) নিয়ে হামলা চালায়। এই হামলায় হেড কনস্টেবল চন্দ্রশেখর বাঁ হাতের কবজি ও বাহুতে গুরুতর আঘাত পান। পাল্টা জবাবে পুলিশ আত্মরক্ষার জন্য তিন অভিযুক্তের পায়ে গুলি করে তাদের কাবু করে এবং গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তের নাম থাবাসি, কারুপ্পাসামি এবং কালিশ্বরন। তারা শিবগঙ্গা জেলার বাসিন্দা এবং কোয়েম্বাটুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। জানা গিয়েছে, কারুপ্পাসামি এবং কালিশ্বরন সম্পর্কে আত্মীয়। এই তিনজন অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেই একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আহত কনস্টেবল এবং তিন অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কোয়েম্বাটুর জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।