রক্তস্নাত তেলেঙ্গানা! যাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ২০, ছিটকে পড়ল লরি

সোমবার সকালে তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় (Ranga Reddy district, Telangana) এক ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা পুলিশ সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, রাজ্য পরিবহন দফতরের তান্দুর ডিপো থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে বাসটি হায়দরাবাদ যাচ্ছিল। চেভেল্লা ব্লকের মির্জাগুড়া গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশের মতে, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে লরিটি বাসের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। বাসের বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান।

পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মধ্যে বাস এবং লরি উভয়ের চালক, বেশ কয়েকজন মহিলা, এবং একটি ১০ মাস বয়সি শিশু ও তার মা রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা সেখানে প্রাথমিক পরীক্ষার পর ২০ জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।