নিশ্চিত হলো দেশের ৫৩তম প্রধান বিচারপতি, বিচারপতি বিআর গবাইয়ের উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্য কান্তকে নিয়োগ করল কেন্দ্র

ভারতের বিচার বিভাগে এবার চূড়ান্ত সিলমোহর পড়ল। সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্য কান্তকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice of India – CJI) হিসেবে নিয়োগে ‘গ্রিন সিগন্যাল’ দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। বর্তমান প্রধান বিচারপতি বিআর গবাইয়ের সুপারিশেই এই অনুমোদন দেওয়া হলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক এই নিয়োগের কথা ঘোষণা করেছে।

রাষ্ট্রপতির নিয়োগ, আইনমন্ত্রীর ঘোষণা
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নিজের এক্স (X) হ্যান্ডেলে এই নিয়োগের খবর নিশ্চিত করেন। তিনি লেখেন:

💬 অর্জুন রাম মেঘওয়াল: “ভারতের সংবিধান কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তকে নিযুক্ত করলেন।”

আইন মন্ত্রকের বিবৃতি মাধ্যমে জানা গিয়েছে, বিচারপতি সূর্য কান্ত আগামী ২৪ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সিনিয়রিটি মেনেই সুপারিশ
আগামী মাসেই বর্তমান প্রধান বিচারপতি বিআর গবাইয়ের অবসর গ্রহণের পালা। তিনি সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাব করেছিলেন। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তাঁর নামই প্রস্তাব করতে হয়।

বর্তমান প্রধান বিচারপতি বিআর গবাইয়ের (৬৪) পর সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ বিচারপতি হলেন সুর্য কান্ত (৬৩)।

বিচারপতি সুর্য কান্তের কার্যকাল তুলনামূলকভাবে দীর্ঘ হতে চলেছে, প্রায় ১৫ মাস। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির পদ থেকে তিনি অবসর নেবেন।