ভোটার আইডিতে বানান ভুল, SIR-এ কী অসুবিধা হতে পারে? জানুন কি করবেন?

পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) শুরু হওয়ার পর থেকেই রাজ্যবাসীর মনে একাধিক প্রশ্ন ও আতঙ্ক দানা বেঁধেছে। আগামী ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম ফিলআপের মাধ্যমে এসআইআর-এর কাজ শুরু হবে। কিন্তু অনেকেই ভোটার কার্ডের ত্রুটি, যেমন নামের বানান ভুল বা ঠিকানা ভুল নিয়ে মারাত্মক চিন্তিত। এই কারণে নাম বাদ পড়ার আশঙ্কায় দিনহাটার এক বাসিন্দা খাইরুল শেখ আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও পরিবারের দাবি।

তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, সামান্য নামের বানান ভুল বা ক্রুটি থাকলে SIR-এ নাম তোলায় কোনও সমস্যা নেই। তবে অবশ্যই ভোটারদের কিছু নিয়ম মেনে চলতে হবে।

সংশোধন প্রক্রিয়া: অনলাইনে আবেদন (ফর্ম ৮)

ভোটার কার্ডে নামের বানান বা অন্য কোনো ত্রুটি সংশোধন করার জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতি হল ফর্ম ৮ পূরণ করা।

  1. ফর্ম পূরণ: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ৮ পূরণ করে জমা দিতে হবে।
  2. প্রয়োজনীয় তথ্য: ফর্মে নাম, এপিক নম্বর (EPIC), আধার নম্বর-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।
  3. ডকুমেন্ট জমা: নামের সঠিক বানানের প্রমাণ হিসেবে উপযুক্ত সরকার স্বীকৃত নথির (ফটোকপি) সেল্ফ অ্যাটেস্টেড করে ফর্ম ৮-এর সঙ্গে জমা দিতে হবে।

সঠিক বানানের প্রমাণ হিসেবে যে নথিগুলি গ্রহণযোগ্য:

  • কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয় পত্র।
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র (Birth Certificate)।
  • পাসপোর্ট
  • পর্ষদের দেওয়া ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।

সংশোধন প্রক্রিয়া: অফলাইনে আবেদন

যাঁরা অনলাইনে ফর্ম পূরণ করতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য অফলাইনে সংশোধনের সুযোগ রয়েছে:

  • BLO-এর মাধ্যমে: বাড়ি বাড়ি যখন বুথ লেভেল অফিসাররা (BLO) এনুমারেশন ফর্ম ফিলআপের জন্য আসবেন, তখন তাঁদের কাছে উপরিউক্ত ডকুমেন্টগুলি দেখিয়ে নামের বানান সংশোধন সম্ভব।
  • ERO অফিসে: সরাসরি ইআরও (ERO) অফিসে গিয়েও উপযুক্ত ডকুমেন্ট জমা দিয়ে সংশোধন করা যেতে পারে।

কমিশন জানিয়েছে, SIR-এ পুরোনো লিস্টে নামের বানান ভুল থাকলেও তা সংশোধনের সুযোগ রয়েছে। নতুন করে নাম তোলার ক্ষেত্রেও এই সুযোগ দেওয়া হবে।

জরুরি হেল্পলাইন: সমস্যার সমাধান এক ফোনেই

ভোটার তালিকা বা SIR সংক্রান্ত যে কোনো প্রশ্নের জবাবের জন্য বাংলার ভোটাররা কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

  • টোল ফ্রি নম্বর: ১৮০০-১১-১৯৫০
  • সময়: প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে এই হেল্পলাইন।

উল্লেখ্য, ২০০২-এর SIR-এর তালিকা দেখার হিড়িক শুরু হওয়ায় মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) ওয়েবসাইটে ভিড় বাড়তে শুরু করেছিল, যার ফলে কিছু সময়ের জন্য ‘Service Unavailable’ সমস্যা দেখা দেয়। তাই আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে সংশোধনের জন্য আবেদন করাই বুদ্ধিমানের কাজ।