মন্ত্রী চেয়ারম্যান, তবুও কুকুরের সঙ্গে শুয়ে রোগী! বেহাল হাসপাতাল লাইভ করে সুপ্রিম কোর্টের আইনজীবীর ক্ষোভ

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান খোদ রাজ্যের মন্ত্রী, তবুও সাপে কামড়ানো রোগীর জন্য সংরক্ষিত বেড নেই! মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এমনই বেহাল পরিষেবা সামনে আনলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়াসিম আক্রাম। ছোট ভাই সর্পাহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রবল সমস্যায় পড়েন তিনি। এরপরই ক্ষোভে ফেটে পড়ে সামাজিক মাধ্যমে সরাসরি লাইভ ভিডিয়ো করে হাসপাতালের চিত্র তুলে ধরেন ওই আইনজীবী।
ওয়াসিম আক্রামের অভিযোগ, তাঁর ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, পর্যবেক্ষণে রাখার জন্য কোনও বেড সংরক্ষিত ছিল না। এমনকি বসার জায়গাগুলিও ছিল অত্যন্ত নোংরা। ফলে স্যালাইনের বোতল হাতে ভাইকে নিয়ে হাসপাতালের বাইরে গাড়িতেই চার ঘণ্টা পর্যবেক্ষণে থাকার সিদ্ধান্ত নিতে হয় তাঁদের। আইনজীবী আরও অভিযোগ করেন, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেডে নাকি রোগীর সঙ্গে কুকুরও শুয়ে থাকে। তিনি গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত এই অব্যবস্থা সংশোধনের দাবি জানিয়ে সিএমওএইচ দফতরে ইমেল মারফৎ অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনায় রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তজমুল হোসেনকে ফোনে ধরা হলে তিনি উল্টে আইনজীবীকে কটাক্ষ করেন। তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করে বলেন, “এখানে প্রত্যেকটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারি হাসপাতালের পরিষেবায় খুশি। আগলে, পাগলে, ছাগলে কী বলল জানি না। ওরা কী না বলে!”
তবে, তীব্র বিতর্কের মুখে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি গোটা ঘটনাটি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।