সিনেমার দৃশ্যের মতো অভিযান! বীরভূমে তেল পাচার চক্রের আঁতুড়ঘরে হানা পুলিশের, উদ্ধার ১৪ হাজার লিটার অবৈধ ডিজেল

বীরভূমের মহম্মদবাজারের খয়রাকুড়ি গ্রামে রীতিমতো সিনেমার দৃশ্যের মতো অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল-সহ তেল পাচার চক্রের আঁতুড়ঘর ধরে ফেলল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হয়েছে প্রায় ১৪ হাজার লিটার অবৈধ ডিজেল তেল, দু’টি বড় ট্যাঙ্কার, ৫০টি ড্রাম, তেল চুরির সরঞ্জাম এবং টুলু পাম্পসহ ৫টি বালতি। ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহম্মদবাজার থানার পুলিশ।
রাতে আসত ড্রামবোঝাই গাড়ি
মহম্মদবাজার থানার আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে বেশ কিছুদিন ধরেই এলাকায় অবৈধ তেল পাচারের অভিযোগ উঠছিল। সেই সূত্র ধরেই বিশেষ দল গঠন করে খয়রাকুড়ি গ্রামে হানা দেওয়া হয়। হঠাৎ পুলিশের উপস্থিতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিশাল একটি ১২ চাকার ট্যাঙ্কার-এর ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ ডিজেল।
স্থানীয়দের একাংশের দাবি, রাতের অন্ধকারে প্রায়ই ভারী ট্যাঙ্কার ও ড্রামবোঝাই গাড়ি আসত এলাকায়। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে তেল পাচারের রমরমা ব্যবসা চলছিল।
তদন্তে নেমেছে পুলিশ
মহম্মদবাজার থানার এক পুলিশ আধিকারিক জানান, “এই অভিযানের মাধ্যমে একটি বড় তেল পাচার চক্রের হদিশ পাওয়া গেছে। আমরা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছি। অবৈধভাবে সংগ্রহ করা ডিজেল কোথা থেকে আসত এবং কোথায় সরবরাহ করা হত, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সূত্র উদ্ধারের চেষ্টা চলছে।”
পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।