প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা, ‘মহিমান্বিত’ প্রচার চাইছে না আদালত, নির্দেশিকা তৈরির প্রশ্নে মুলতুবি সুপ্রিম কোর্ট

ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে জুতো ছোড়ার চেষ্টার ঘটনায় আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। তবে, শীর্ষ আদালত এই ধরনের ঘটনা মোকাবিলায় একটি সুস্পষ্ট নির্দেশিকা তৈরির প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (SCBA) অ্যাডভোকেট রাকেশ কিশোরের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার আবেদন করেছিল, যিনি গত ৬ অক্টোবর ‘বিষ্ণু মূর্তি মামলায়’ মন্তব্যের জন্য প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা করেছিলেন।
মামলা করতে নারাজ আদালত
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করে যে, বর্তমান অবমাননা আইনের অধীনে সংশ্লিষ্ট বিচারক ছাড়া অন্য কোনও বিচারক অবমাননার মামলা শুরু করতে পারেন কিনা।
রাকেশ কিশোরকে নোটিস জারি করতে অস্বীকৃতি জানিয়ে বিচারপতি সূর্য কান্ত SCBA-এর সভাপতি বিকাশ সিংকে প্রশ্ন করেন, “তাঁকে এত গুরুত্ব দেওয়া হবে কেন?” সলিসিটর জেনারেল তুষার মেহতাও এই মতকে সমর্থন করে বলেন, নোটিস জারি করে কিশোরকে বেশি প্রচারের সুযোগ দেওয়া উচিত নয়। বিচারপতি কান্ত আরও বলেন, “এগুলো সংবাদ চ্যানেলের জন্য কেবল বিক্রয়যোগ্য জিনিস। যতক্ষণ না তার রেভিনিউ আদায় হচ্ছে, ততক্ষণ তারা এটা ব্যবহার করে যাবে।”
প্রতিষ্ঠানের সম্মান গুরুত্বপূর্ণ
SCBA সভাপতি এবং সিনিয়র আইনজীবী বিকাশ সিং জোর দিয়ে বলেছেন যে, বিষয়টি শুধুমাত্র প্রধান বিচারপতি গাভাইকে নিয়ে নয়, প্রতিষ্ঠানের সম্মানেরও বিষয়। তিনি বলেন, ঘটনার পর মিডিয়া সাক্ষাৎকারে অভিযুক্ত আবার একই কাজ করার হুমকি দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। “এই পুরো ব্যাপারটাকে মহিমান্বিত করা হচ্ছে…এটা যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য আদালতের যথেষ্ট ক্ষমতা আছে!”
প্রধান বিচারপতি ক্ষমা করে দিয়েছেন
এক্ষেত্রে বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে দেন, “নিঃসন্দেহে এটি গুরুতর এবং গুরুতর অপরাধমূলক অবমাননার সমান… তিনি যেভাবে কাজ করেছেন, কেউ ক্ষমা করতে পারে না… কিন্তু, যখন মাননীয় প্রধান বিচারপতি ক্ষমা করে দিয়েছেন, তখন আমরা তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করতে আগ্রহী নই।”
তবে বেঞ্চ এই ধরনের ঘটনা সম্পর্কিত নির্দেশিকা এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টের প্রশ্নে বিষয়টি মুলতুবি রেখেছে।