সিডনিতে ‘বিরাট’ দেশপ্রেম, মাঠ ছাড়ার সময় মাটিতে পড়ে যাওয়া জাতীয় পতাকা তুলে দিলেন বিরাট কোহলি

বিরাট কোহলি শুধু ব্যাট হাতেই দেশকে জেতান না, মাঠের বাইরেও তিনি জাতীয়তাবোধের পরিচয় দিয়ে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে সিডনিতে ফের একবার তাঁর সেই দেশপ্রেমের পরিচয় মিলল।
শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়ছিলেন বিরাট কোহলি। সেই সময় গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকরা প্রবল উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। ঠিক তখনই তাঁর নজরে আসে— একজন দর্শকের হাত থেকে ভারতের জাতীয় পতাকা (Indian national flag) মাটিতে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে তিনি থেমে যান। দ্রুত নিচু হয়ে মাটি থেকে তেরঙ্গাটি তুলে নিয়ে সেটি ওই দর্শকের হাতে তুলে দেন বিরাট।
দেশের পতাকার প্রতি বিরাটের এই শ্রদ্ধাজ্ঞাপনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তাঁর এই আচরণের ভূয়সী প্রশংসা করছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত।
ফর্মে ফিরে সমালোচকদের জবাব: পতাকার প্রতি সম্মান দেখানোর এই মুহূর্ত ছাড়াও, এই ম্যাচটি বিরাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ওডিআই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বিরাট। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তাঁর ব্যাট হাসেনি। এই অবস্থায় তৃতীয় ম্যাচে রান না পেলে তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠত। কিন্তু সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়ে বিরাট ফের একবার প্রমাণ করলেন কেন তিনি ‘বিরাট’। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে জয় এনে দেন তিনি।
এই সিরিজের পর আপাতত বিরাট ও রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে আর কোনো ওডিআই ম্যাচ খেলবেন না। তবে সিডনিতে তাঁদের ব্যাটে যে ছন্দ দেখা গেল, তাতে আপাতত তাঁদের ছাড়া ভারতের ওডিআই দল কল্পনা করা কঠিন।
অন্য মেজাজের ইনিংস বিরাটের: ৭৪ রানের ইনিংসে মাত্র সাতটি বাউন্ডারি মারেন বিরাট, তাঁর ইনিংসে কোনও ওভার-বাউন্ডারি ছিল না। বড় শট খেলার চেয়ে দ্রুত গতিতে রান নেওয়ার উপর তিনি বেশি মনোযোগ দেন। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন বদলে ফেলার ক্ষমতা যে তাঁর এখনও আছে, তা আরও একবার প্রমাণ করলেন এই তারকা ব্যাটার।