কারাগার নয় যেন ফাইভস্টার হোটেল! পলাতক মেহুল চোকসির জেলের ছবি ভাইরাল

পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতে ফিরিয়ে আনা হলে মুম্বইয়ের আর্থার রোড জেলের যে ব্যারাক নম্বর ১২-তে রাখা হবে, তার ছবি এবার বেলজিয়াম কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে ভারত সরকার। ইন্ডিয়া টুডে-এর হাতে আসা এই ছবিগুলি দেখলে যেকোনো ব্যক্তি ভাবতে পারেন, এ যেন কোনো সাধারণ জেল নয়, বরং ‘ফাইভস্টার হোটেলের রুম’!
কেন হঠাৎ ছবি পাঠানো হল?
আসলে, বেলজিয়ামের আদালতে প্রত্যর্পণের শুনানির সময় মেহুল চোকসি অভিযোগ করেন যে ভারতের কারাগারগুলিতে ভিড় অত্যন্ত বেশি এবং সেগুলি বসবাসের জন্য নিরাপদ নয়। চোকসির এই দাবির বিরুদ্ধেই সরকারি প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই ছবিগুলি পাঠানো হয়েছে। এর মাধ্যমে ভারত আন্তর্জাতিক মহলে বার্তা দিতে চাইছে যে ভারতীয় কারাগারগুলির মান উন্নত এবং সেখানে অভিযুক্তদের অধিকার সুরক্ষিত থাকবে।

ব্যারাক নম্বর ১২-এর বিশেষ সুবিধা
ডকুমেন্টে বলা হয়েছে, চোকসির জন্য নির্বাচিত ৪৬ বর্গমিটার আয়তনের এই ব্যারাক নম্বর ১২ অত্যন্ত উচ্চ নিরাপত্তা সম্পন্ন। ২৬/১১-এর জঙ্গি আজমল কাসাবকেও একসময় এই জেলেই রাখা হয়েছিল।
এই ব্যারাকে যে সুবিধাগুলি মিলবে:
ব্যারাকে স্যানিটেশনের সুবিধা সহ দুটি কক্ষ রয়েছে।
ব্যক্তিগত টয়লেটের সুবিধা থাকবে।
চিকিৎসকের কাছে যাওয়া বা আদালতের শুনানি ছাড়া চোকসি সেলের ভিতরেই থাকবেন।
তাঁর হেফাজত বিচার বিভাগীয় তত্ত্বাবধানে থাকবে, কোনো তদন্তকারী সংস্থার হাতে নয়।

চোকসির অভিযোগ খারিজ ভারতের
মেহুল চোকসির আইনজীবী বেলজিয়ামের আদালতে ভারতীয় জেলের খারাপ অবস্থা এবং এখানে ন্যায্য বিচার না পাওয়ার অভিযোগ তুলেছিলেন। যদিও আদালত চোকসির বেশিরভাগ দাবি উড়িয়ে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এতো বড় আর্থিক জালিয়াতি মামলার মিডিয়া কভারেজ স্বাভাবিক এবং এর মাধ্যমে পক্ষপাতিত্ব বা ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘন হয় না। চোকসি ভারতে নির্যাতন, অন্যায্য বিচার বা প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার যে অভিযোগ এনেছেন, তারও কোনো প্রমাণ দিতে তিনি ব্যর্থ হয়েছেন।
ভারত সরকার স্পষ্ট আশ্বাস দিয়েছে যে, প্রত্যর্পণ হলে চোকসির সমস্ত অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষিত রাখা হবে। আর্থার রোড জেল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।

কবে দেশে ফিরছেন চোকসি?
বর্তমানে বেলজিয়ামের আদালতে চোকসির প্রত্যর্পণ মামলার শুনানি চলছে। নিম্ন আদালতে চোকসির বিপক্ষে রায় গেলেও, তিনি এখনও উচ্চ আদালতে আপিল করতে পারেন। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ভারতে ফেরানো সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, চোকসিকে দেশে ফেরাতে এখনও অনেকটাই পথ বাকি।