রাগভ-পরিণীতির জীবনে নতুন অধ্যায়, একরত্তিকে দেখে ‘আগের জীবন মনে পড়ছে না’!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তাঁর স্বামী রাজনীতিবিদ রাঘব চড্ডা তাদের প্রথম সন্তানের আগমন বার্তা জানালেন। এই তারকা দম্পতির ঘরে এসেছে এক পুত্র সন্তান। নতুন বাবা-মা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবর ঘোষণা করেন, জীবনের এই নতুন অধ্যায় শুরু করার উত্তেজনা প্রকাশ করেন তাঁরা।
পরিণীতি এবং রাঘব রবিবার তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খুশির খবরটি জানান। তাঁরা একটি পোস্টার শেয়ার করেন, যেখানে লেখা ছিল: “সে অবশেষে এসেছে! আমাদের ছেলে। আর সত্যি বলতে, এর আগের জীবন আর মনে করতে পারছি না! কোল ভরেছে, আর আমাদের হৃদয় ভরে উঠেছে। প্রথমে আমাদের একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু আছে… কৃতজ্ঞতার সঙ্গে। পরিণীতি এবং রাঘব।” পোস্টটির ক্যাপশনে তাঁরা একটি ‘নজর’ ইমোজি যোগ করেন।
শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি
এই পোস্টটি শেয়ার করার পরপরই বলিউড তারকারা নবজাতক এবং নতুন বাবা-মায়ের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে শুরু করেন।
অভিনেত্রী অনন্যা পান্ডে ভালোবাসা জানিয়ে লাল হৃদয়ের একাধিক ইমোজি দেন।
কৃতি স্যানন লেখেন, “অভিনন্দন।”
হুমা কুরেশি, এলনাজ নোরোজি এবং মনীষ মালহোত্রা-সহ আরও অনেকে নব দম্পতিকে অভিনন্দন জানান।
পরিণীতির ভাই সাহাজ চোপড়া মন্তব্য করেন, “আমাদের পরিবার আরও বড় হলো।”
পরিণীতির মা রীনা চোপড়া লিখেছেন, “আমরা আপ্লুত এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ!! আমরা এখনও বিশ্বাস করতে পারছি না!! তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। আমাদের দাদু-দিদা করার জন্য ধন্যবাদ! #অবিশ্বাস্য।”
প্রেম থেকে নতুন অভিভাবকত্ব: এক ঝলকে রাঘব-পরিণীতি
দীর্ঘ জল্পনার পর পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা গত বছর আগস্টের ২৫ তারিখে তাঁদের প্রথম সন্তানের আগমন বার্তা দেন। তাঁরা ‘১+১=৩’ লেখা একটি কেকের ছবি এবং পার্কে রাঘবের হাত ধরে হেঁটে যাওয়ার একটি ভিডিও শেয়ার করে গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে দিল্লিতে কাপুরথালা হাউসে তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়। এরপর ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উদয়পুরের দ্য লীলা প্যালেসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। এর আগে আগস্ট মাসে, রাঘব চড্ডা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে তাঁদের জীবনের ‘গুড নিউজ’ শীঘ্রই আসার ইঙ্গিত দিয়েছিলেন।