আলোর উৎসবে নিভল বাতি! গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এনভিএফ কর্মীর, শোকে থমথমে পুরুলিয়ার মুরগাডি গ্রাম

আলোর উৎসব দীপাবলির আবহে মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল পুরুলিয়ার বোরো থানা এলাকার মুরগাডি গ্রামে। এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স (NVF)-এর এক কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে চিরঞ্জিত মাহাতো নামে ওই এনভিএফ কর্মীকে রাস্তার ধারে গুরুতর জখম অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গে বোরো থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে বোরো থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বসন্তপুর চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও সুনিশ্চিত করা হয়নি। বোরো থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সূত্র পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

বাঁদনা পরব ও দীপাবলির উৎসবের আবহে এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে গোটা মুরগাডি গ্রাম জুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবার পরিজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

এদিকে, থানার এক কর্মীর এমন দুঃখজনক মৃত্যুতে বমোর থানার পরিবেশও থমথমে। এই ঘটনার জেরে বোরো থানার দীপাবলির সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে কালীপুজো করা হচ্ছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।