প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরির সুবিধা চ্যাটজিপিটিতে, জেনেনিন বিস্তারিত

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট চ্যাটজিপিটি (ChatGPT) এবার প্রাপ্তবয়স্কদের জন্য আরও বেশি খোলামেলা কনটেন্ট তৈরি করতে চলেছে। OpenAI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) স্যাম অল্টম্যান জানিয়েছেন, খুব শিগগিরই এক আপডেটের মাধ্যমে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা ‘ইরোটিকা’ ধরনের কনটেন্ট তৈরি করার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে অল্টম্যান বলেন, “আমরা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চাই।”

তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটবটকে আরও “মানুষের মতো করে” প্রতিক্রিয়া দিতে সক্ষম করে তোলার জন্য একটি নতুন আপডেট আনা হবে। এরপর ডিসেম্বর মাস নাগাদ এমন একটি ফিচার যোগ করা হবে, যা ব্যবহারকারীদের ইরোটিকা কনটেন্ট তৈরি করার অনুমতি দেবে।

নিরাপত্তা বিতর্ক ও সীমাবদ্ধতা শিথিল

চলতি বছরের আগস্ট মাসে OpenAI চ্যাটজিপিটির উত্তরের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। কারণ সেসময় ব্যবহারকারীদের একাংশ চ্যাটবটের সঙ্গে ক্ষতিকর মানসিক সম্পর্ক তৈরি করছে—এমন গুরুতর উদ্বেগ দেখা দেয়। যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার ঘটনায় তার বাবা-মা OpenAI-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, চ্যাটজিপিটি কিশোরটিকে আত্মহত্যার পদ্ধতি জানায় এবং তার ‘সুইসাইড নোট’-এর খসড়াও লিখে দেয়।

এই প্রসঙ্গে অল্টম্যান বলেন, “মানসিক স্বাস্থ্য ইস্যুতে সতর্ক থাকার জন্যই আমরা চ্যাটজিপিটিকে বেশ সীমিত রেখেছিলাম। আমরা জানি, এতে অনেক ব্যবহারকারীর অভিজ্ঞতা কমে গিয়েছিল। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করাই তখন মূল লক্ষ্য ছিল।”

তিনি আরও যোগ করেন, “এখন আমাদের কাছে এমন প্রযুক্তি ও টুল আছে, যা মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত ঝুঁকি কমাতে সক্ষম। তাই আমরা নিরাপদভাবে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে নিতে পারব।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন আপডেটের ফলে চ্যাটজিপিটি আরও বেশি ব্যক্তিগত এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করতে সক্ষম হবে। তবে একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য নতুন নৈতিক ও সামাজিক চ্যালেঞ্জও তৈরি হতে পারে।