‘আগামী ৩১ মার্চের মধ্যে নকশালমুক্ত ভারত’! আত্মসমর্পণে স্বাগত, তবে অন্য পথে হাঁটলে চরম হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী বছর ৩১ মার্চের মধ্যে নকশালমুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যেই মাও-নকশাল দমন অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সরকার। এদিনই ছত্তিশগড়ে ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এই খবর সোশ্যাল মাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

একইসঙ্গে মাও দমনে সামগ্রিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন তিনি।

গণ-আত্মসমর্পণ ও সরকারের সাফল্য:

অমিত শাহ এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে লেখেন, “ছত্তিসগঢ়ে ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করল। গতকাল ২৭ জন অস্ত্র সমর্পণ করেছে। মহারাষ্ট্রে ৬১ জন ফিরেছে স্বাভাবিক জীবনে। সব মিলিয়ে ২৫৮ জন।”

তিনি এই সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অব্যাহত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন:

“নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকারের অব্যাহত প্রচেষ্টার ফল এটা। আজ এই চেষ্টারই ফলে গোটা দেশেই নকশালবাদ কার্যত শেষ নিঃশ্বাস ত্যাগ করছে।”

আত্মসমর্পণকারীদের প্রতি বার্তা ও কড়া হুঁশিয়ারি:

যারা অস্ত্র ফেলে মূলস্রোতে ফিরে আসছেন, তাঁদের উদ্দেশ্য করে শাহ লেখেন, “হিংসার পথ থেকে সরে আসার জন্য, ভারতীয় সংবিধানের প্রতি তাঁদের বিশ্বাস পুনরুদ্ধারের সিদ্ধান্তের জন্য প্রশংসা করি। আমি সমস্ত নকশালবাদীদের তাদের অস্ত্র সমর্পণ করে মূলধারায় ফিরে আসার জন্য আবেদন করছি।”

তবে এরপরেও যারা একই রাস্তায় থাকবে, তাদের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন:

“নকশালবাদের বিরুদ্ধে আমাদের নীতি স্পষ্ট। যারা আত্মসমর্পণ করতে চায় তাদের স্বাগত। কিন্তু যারা অস্ত্র তুলে নেবে, তাদের আমাদের দেশের নিরাপত্তা বাহিনীর, আমাদের দেশের সেনার মুখোমুখি হতেই হবে।”

অমিত শাহের এই বার্তার মাধ্যমে স্পষ্ট যে, সরকার মাও-নকশাল দমনে একদিকে যেমন মানবিক আত্মসমর্পণের পথ খোলা রেখেছে, তেমনই অন্যদিকে চরম কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত।