গোলাপ-গাঁদা নয়! এবার আরও বড় লাভের দিশা! হাওড়ার ফুল চাষিদের ভাগ্যবদলের পথে নতুন উদ্যোগ

কৃষকদের আরও বেশি লাভের মুখ দেখাতে হাওড়া জেলার বাগনান এলাকায় উদ্যান পালন বিভাগ এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বাগনানের বেশ কিছু অঞ্চল ইতিমধ্যেই গাঁদা, জুঁই, জবা, গোলাপের মতো ফুলের চাষের জন্য বিখ্যাত। গত কয়েক বছরে অন্যান্য প্রচলিত চাষ ছেড়ে অনেক কৃষকই ফুল চাষের দিকে ঝুঁকছেন। বর্তমানে বাগনানে গাঁদা, দোপাটি, জবা, গোলাপ, অপরাজিতা এবং জারবেরা সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে।
ফুল চাষে যেমন একদিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সম্ভাবনা থাকে, তেমনই বিভিন্ন সময়ে পোকামাকড়ের উপদ্রবেও কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এই সমস্ত সমস্যার সমাধান এবং কৃষকদের আরও বেশি লাভবান করার উদ্দেশ্যেই নতুন ফুল ও উন্নত প্রজাতির সবজি চাষের দিকে মনোনিবেশ করছে উদ্যান পালন বিভাগ।
এই লক্ষ্যকে গুরুত্ব দিয়ে কৃষকদের মধ্যে লাভের চাষে আগ্রহ বাড়াতে বাগনানে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এর ব্যবস্থাপনায় ছিল ‘বাগনান এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড’।
চাষের সমস্যা সমাধান এবং আরও বিভিন্ন লাভজনক ফুল ও উন্নত প্রজাতির সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে এই সংস্থা। ফুল ও উন্নত মানের হাইব্রিড সবজি চাষের সমস্যা এবং নতুন চাষের ক্ষেত্রে কৃষকদের সহযোগিতা দিতে হাওড়া জেলার বাগনান ১ ও ২ ব্লক সহ জেলার বিভিন্ন কৃষি এলাকায় পদক্ষেপ নিচ্ছে ‘বাগনান এগ্রো প্রডিউসার লিমিটেড’। এই সংস্থা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতেও কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলের আবহাওয়ায় প্রচলিত জবা, গাঁদা, গোলাপ, জুঁই, দোপাটির পাশাপাশি এশিয়াটিক লিলি, গ্ল্যাডুয়ালিয়াস্, জারবেরা, ডেড্রোবিয়াম অর্কিড এবং জিপ্সোফিলার মতো নতুন ও লাভজনক ফুলের চাষ করে কৃষকরা কয়েক গুণ বেশি মুনাফা অর্জন করতে পারেন।