“আমার রোজগার কমে গিয়েছে!” মন্ত্রিত্ব ছেড়ে ফের অভিনয়ে ফিরতে চান মোদির মন্ত্রিসভার সদস্য সুরেশ গোপী

রাজনীতিতে অভিনয় ছেড়ে আসাটা নতুন নয়, তবে মন্ত্রিত্ব ছেড়ে ফের অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করে শোরগোল ফেলে দিলেন অভিনেতা-রাজনীতিক সুরেশ গোপী। কেরলের এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বর্তমানে কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী। তাঁর দাবি, মন্ত্রিত্ব সামলাতে গিয়ে তাঁর রোজগার কমে গিয়েছে, তাই তিনি অভিনয়ে ফিরতে চান।
৬৭ বছর বয়সী সুরেশ গোপী ২০২৪ লোকসভা নির্বাচনে কেরলের ত্রিশূর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্থান পান। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই তিনি মন্ত্রিত্বের স্বাদ মিটিয়ে ফেলার কথা ঘোষণা করলেন।
আয় কমায় হতাশা
রবিবার কেরলের কন্নুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তাঁর এই ইচ্ছের কথা জানান। সুরেশ গোপী বলেন, “আমি সত্যিই অভিনয়টা চালিয়ে যেতে চাই। আমার আরও রোজগার করা দরকার। সম্প্রতি আমার উপার্জন একদম কমে গিয়েছে। আমি কোনও দিন মন্ত্রিত্বের জন্য অভিনয়ে ইতি টানতে চাইনি।”
অভিনয়ে ফেরার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে মোদির মন্ত্রিসভার এই সদস্য বলেন, তিনি মন্ত্রিত্ব ছেড়ে আবার বড় পর্দায় মনোযোগ দিতে চান।
বিকল্প মন্ত্রীর নামও প্রস্তাব করলেন
সুরেশ গোপী শুধু মন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছাই প্রকাশ করেননি, মন্ত্রিসভায় তাঁর বিকল্প কে হতে পারেন, সেই নামও জানিয়ে দিয়েছেন। ত্রিশূরের এই সাংসদ জানিয়েছেন, তাঁর জায়গায় মন্ত্রিত্ব দেওয়া হোক রাজ্যসভার সাংসদ সি সদানন্দন মাস্টারকে।
তিনি যুক্তি দেখান, সদানন্দন তাঁর তুলনায় বয়সে বড়, তাই তাঁরই মন্ত্রী হওয়া উচিত। গোপী বলেন, “আমি আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি যে, আমার ইস্তফার পর সদানন্দন মাস্টারকে মন্ত্রিত্ব দেওয়া হোক। আমি মনে করি, এটা কেরলের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যয়ের সূচনা হবে।” চলতি বছরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিজেপি নেতাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন।
সুরেশ গোপীর এই প্রকাশ্য মন্তব্য জাতীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।