কারুর পদপিষ্ট-কাণ্ড, অভিনেতা বিজয়ের সভার ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিক বিজয়ের সভায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় শেষমেশ কেন্দ্রীয় সংস্থার তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর তদন্ত প্রক্রিয়ার উপর নজরদারির জন্য একটি বিশেষ কমিটিও গঠন করেছে শীর্ষ আদালত। এই কমিটির মাথায় রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রস্তোগীকে।

মাদ্রাজ হাইকোর্টের ভূমিকার কড়া সমালোচনা
সোমবার এই মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টের এক বিচারপতির ভূমিকার কড়া সমালোচনা করেছে বিচারপতি জেকে মহেশ্বরী ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন সেন্থিলকুমারের সিট (SIT) গঠনের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, “মাদুরাই বেঞ্চের সামনে যখন ঘটনার তদন্তের দাবিতে আবেদনগুলি বিচারাধীন ছিল, তখন প্রধান বিচারপতির নির্দেশ ছাড়া আবেদন গ্রহণ করার কোনও সুযোগ ছিল না।”

কেন প্রশ্ন উঠল হাইকোর্টের নির্দেশে?
অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের (TVK) প্রতি মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি যে পর্যবেক্ষণ করেছেন, তাতেও অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। TVK এবং এর সদস্যদের অন্তর্ভূক্ত না-করেই তাদের বিরুদ্ধে পর্যবেক্ষণ করা হয়েছিল বলে শীর্ষ আদালতের বক্তব্য। বেঞ্চ জানিয়েছে, “একজন বিচারপতি কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারণ এই নির্দেশটি কেবলমাত্র অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের জমা দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে।” অর্থাৎ, TVK-কে তাদের বক্তব্য পেশের সুযোগ না-দিয়েই রায় দেওয়া হয়েছিল।

কী ঘটেছিল কারুরের সেই সভায়?
গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয় এবং তাঁর রাজনৈতিক দল TVK-এর সভা ছিল। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। ঘটনার পর বিজয় দ্রুত সেখান থেকে চলে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যদিও পরে তিনি দাবি করেন, ওই মুহূর্তে তিনি ঘটনাস্থল না-ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

ঘটনাটি ঘিরে রাজ্যের শাসকদল ডিএমকে বিজয়ের দলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে। পাল্টা TVK সুপ্রিমো বিজয় ডিএমকে প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অব্যবস্থার অভিযোগ তোলেন।

CBI তদন্তের দাবিতে সরব হয়েছিল TVK
TVK শুরু থেকেই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়ে আসছিল। তাদের মূল যুক্তি ছিল, কেবল তামিলনাড়ু পুলিশের কর্মকর্তাদের দ্বারা তদন্ত পরিচালিত হলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। তাদের অভিযোগ ছিল, কিছু দুষ্কৃতীর পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের কারণে এই পদপিষ্টের ঘটনা ঘটেছে।

এই যুক্তিতেই হাইকোর্টের কেবল তামিলনাড়ু পুলিশের কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠনের নির্দেশেরও বিরোধিতা করেছিল তারা।

অবশেষে, বিজয়ের রাজনৈতিক দল এবং অন্যদের দায়ের করা আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে কারুরের এই মর্মান্তিক ঘটনার তদন্তে এক নতুন মোড় এল।