রাজনীতিতে মন নেই? হঠাৎ মন্ত্রীর পদ ছাড়তে চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী, আসল কারণ কী?

কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী (Suresh Gopi) তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি ফের অভিনয় জগতে ফিরতে চান, কারণ মন্ত্রিত্ব পাওয়ার পর তাঁর আয় প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তিনি তাঁর পদটি বিজেপির নবনির্বাচিত রাজ্যসভা সদস্য সি. সদানন্দ মাস্টারকে (C. Sadanandan Master) দেওয়ার জন্য সুপারিশ করেছেন।

কেরালা থেকে বিজেপি-র প্রথম লোকসভা সাংসদ সুরেশ গোপী বর্তমানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন প্রতিমন্ত্রী। একটি দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “আমার কখনও মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল না। নির্বাচনের ঠিক আগের দিনও আমি সাংবাদিকদের বলেছিলাম, আমি মন্ত্রী হতে চাই না, বরং আমার ফিল্মি কেরিয়ার চালিয়ে যেতে চাই।”

নিজের এই ইচ্ছার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুরেশ গোপী বলেন, “আমার ভালো উপার্জন করা দরকার, কারণ আমার সন্তানরা এখনও প্রতিষ্ঠিত নয়। কিছু মানুষ পুরোপুরি আমার উপার্জনের উপর নির্ভরশীল। অন্তত তাদের সাহায্য করার জন্য আমার আয়ের উৎস বন্ধ হওয়া উচিত নয়। কিন্তু এখন এটা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।”

গোটা বিষয়টি নিয়ে তিনি বলেন, “সম্ভবত জনরায়ের প্রতি সম্মান জানাতে এবং কেরালা থেকে জনগণের দ্বারা নির্বাচিত প্রথম সাংসদ হওয়ার কারণে দল আমাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে। তাই আমাকে মন্ত্রী করা হয়েছে। তবে আমি চাই, আমাকে এই পদ থেকে মুক্ত করে আমার জায়গায় সি. সদানন্দ মাস্টারকে মন্ত্রী করা হোক। আমার বিশ্বাস, এটি কেরালার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় লিখবে।”