সেনসেক্স ৪০০ পয়েন্ট ডাউন, ট্রাম্পের ‘চিনা শুল্কের’ আতঙ্কে কাঁপছে শেয়ার বাজার!

সোমবার দিনের শুরুতেই ভারতীয় শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। সেনসেক্স প্রায় ৪০০ পয়েন্ট নীচে নেমে যায় এবং নিফটি ২৫২০০ পয়েন্টের গুরুত্বপূর্ণ স্তরের নিচে চলে আসে। বাজার বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারের এই ‘থরহরি কম্প’ অবস্থার পিছনে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন নীতি দায়ী।

শেয়ার মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই ‘বিয়ার রান’ শুরু হয়, যার মূল কারণ ট্রাম্প প্রশাসন কর্তৃক চিনা পণ্যের উপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা। এই শুল্ক আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এই খবর সামনে আসার পরই শুধু ভারত নয়, সারা বিশ্বের পুঁজিবাজারেও ধস নেমেছে। বিনিয়োগকারীরা দ্রুত নিজেদের স্টক বিক্রি করে মুনাফা ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়ায় বাজার ভেঙে পড়ছে। এশিয়ার প্রায় সব মার্কেটেই এদিন ‘শেল অফ’-এর প্রবণতা দেখা গেছে।

এই সিদ্ধান্তের মূলে রয়েছে চিন কর্তৃক বিরল খনিজ সরবরাহে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা। বিশ্বের ৯০ শতাংশ বিরল খনিজ সরবরাহ করে চিন, যা চিপ, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রিক ভেহিকেল (EV) তৈরির মতো অত্যাবশ্যক শিল্পে ব্যবহৃত হয়। চিন ঘোষণা করেছে, এই খনিজ রপ্তানির আগে ক্রেতাকে জানাতে হবে—তা কী কাজে ব্যবহার হবে।

চিনের এই নিষেধাজ্ঞার খবর প্রকাশ্যে আসার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ হন এবং চিনের পণ্যের উপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক চাপান। শুধু তাই নয়, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তাঁর আসন্ন বৈঠকও বাতিল করে দেন। এই সিদ্ধান্তই বিশ্বজুড়ে শেয়ার মার্কেটে বড় ধাক্কা দিয়েছে।

এই খারাপ খবরের মাঝেও কিছু স্টকের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এই তালিকায় রয়েছে Indigo, Max Health, Bajaj Auto, Bharti Airtel এবং Asian Paints। অন্যদিকে, ONGC, Tata Motors এবং Adani Enterprises-এর মতো স্টকের অবস্থা খুবই খারাপ, সেগুলির দাম অনেকটাই নীচে নেমে গিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখন সবে দিনের শুরু। নতুন কোনো খবরে পরিস্থিতি যেকোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, তাই এখনই ‘প্যানিক সেলিং’ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁদের মতে, বিনিয়োগকারীদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। তবে বাজার যদি ক্রমাগত নীচের দিকে যেতেই থাকে, সেক্ষেত্রে মুনাফা তুলে নেওয়ার পক্ষেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

দ্রষ্টব্য: শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এই নিবন্ধ পড়ে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।