“১২ ঘণ্টা মেয়েকে ঘরে বন্ধ থাকতে হবে?”-মমতা ব্যানার্জির মন্তব্যে গর্জে উঠল CPM-ও

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাতে মহিলাদের বাইরে বেরোনো উচিত নয়’-মন্তব্যে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। জাতীয় মহিলা কমিশনের (NCW) সদস্য অর্চনা মজুমদার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।
NCW সদস্য অর্চনা মজুমদার বলেন, “…আমরা কীভাবে বলতে পারি যে সন্ধ্যায়, অর্থাৎ দিনে ১২ ঘণ্টা, একটি মেয়েকে ঘরে বন্দি থাকতে হবে? মহিলারা আজ হাসপাতাল, আইটি সেক্টর এবং সর্বত্র পুরুষদের সঙ্গে সমানভাবে কাজ করছে। আজকের ভারতীয় মেয়েরা ভারোত্তোলনে স্বর্ণপদক জিতছে।”
তিনি আরও বলেন, “মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সুরক্ষিত করার জন্য আইন প্রণয়ন করা মুখ্যমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব… এটা অযৌক্তিক, আমি তাঁর এই বক্তব্যকে সমর্থন করতে পারি না যে মেয়েদের ঘরে থাকতে হবে… এটা ঠিক নয়।”
সিপিএমের তোপ: ‘পশ্চিমবঙ্গে অপরাধীরা নিরাপদ’
রাজ্যের প্রধান বিরোধী দলগুলির মধ্যে অন্যতম সিপিআইএম এই ঘটনা এবং মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রথম থেকেই সরব। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, “পশ্চিমবঙ্গে অপরাধীরা নিরাপদ। মহিলারা নয়।”
সুজন চক্রবর্তী আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের রাতে বাইরে বের না হওয়ার অনুরোধ করে স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ ‘মহিলাদের জন্য নিরাপদ নয়’।
মুখ্যমন্ত্রী কী বলেছিলেন?
রবিবার উত্তরবঙ্গে যাওয়ার আগে দুর্গাপুর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওটি একটি প্রাইভেট কলেজ। মেয়েটির নিরাপত্তার দায়িত্ব তো সেই প্রাইভেট কলেজেরই। রাত সাড়ে ১২টা নাগাদ কীভাবে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল। বেসরকারি কলেজগুলির উচিত নিরাপত্তা আরও জোরদার করা… রাতে তাদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।”
মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, “পুলিশ কীভাবে জানবে রাতে কখন কে বেরোবে! …কেউ যদি রাত সাড়ে ১২টায় কোথাও যায়, পুলিশ তো আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।”
যদিও বিরোধীদের আক্রমণের মুখে মুখ্যমন্ত্রী পরে দাবি করেন যে তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে বিরোধীরা এই দাবি মানতে নারাজ।