পরকীয়া জেনেও শান্ত স্বামী! স্থানীয় রীতি মেনে স্ত্রীর প্রেমিকের সঙ্গে চুক্তি, তারপর যা ঘটল…

স্ত্রীর মন স্বামীর প্রতি আর নেই। অন্য এক পুরুষের প্রেমে তিনি পাগল। এই কঠিন সত্য জানার পর বেশিরভাগ স্বামী যেখানে হতাশা বা প্রতিশোধের পথে হাঁটেন, সেখানে ইন্দোনেশিয়ার এক স্বামী নিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। স্ত্রীর পরকীয়ার খবর জানার পরও তিনি কোনো বাধা দিলেন না, বরং সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে সবাইকে অবাক করে দিলেন।

স্ত্রীর প্রতি টান কমে যাওয়ার বিষয়টি জানার পর ওই স্বামী শান্ত মাথায় একটি সিদ্ধান্ত নেন। তিনি স্ত্রীর প্রেমিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কিছু নির্দিষ্ট শর্ত দেন। সেই শর্ত মানলে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিতে তিনি রাজি হন।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার উত্তর কোনাওয়ে জেলায়, যেখানে তোলাকি নামে এক বিশেষ জনজাতি বাস করে। স্থানীয় ‘মোয়ে সারাপু’ নামে একটি বিশেষ রীতি রয়েছে এই জনজাতির মধ্যে। এই রীতি অনুযায়ী, কোনো ব্যক্তি চাইলে সকলের সম্মতিতে কিছু নির্দিষ্ট জিনিসের বিনিময়ে নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিতে পারেন।

এই যুবকটিও সেই রীতি অনুসরণ করেই পদক্ষেপ নেন। স্ত্রীর প্রেমিকের কাছ থেকে তিনি নগদ ৫ লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া (যা ভারতীয় মুদ্রায় প্রায় ₹২,৬৫৩), একটি স্টিলের কেটলি এবং একটি গরু নিয়ে স্ত্রীকে তাঁর হাতে তুলে দেন। স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যদের সাক্ষী রেখেই এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই যুবক দাবি করেন, দুই পরিবারের সম্মান রক্ষার জন্যই তিনি এই কাজটি করেছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরই সমাজ মাধ্যমে ব্যাপক হইচই শুরু হয়েছে। কেউ কেউ স্বামীর এই কাজের প্রশংসা করলেও, বেশিরভাগ মানুষই এই রীতিটির তীব্র নিন্দা করেছেন। ইন্দোনেশিয়ার নারীবাদী সংগঠনগুলিও এই বিষয়ে সমালোচনায় মুখর হয়েছে এবং বিষয়টির কড়া সমালোচনা করেছে।