১৯ কোটি বছর আগের সমুদ্রের রাজা! ব্রিটেনে মিলল ডলফিন আকারের ‘সোর্ড ড্রাগন অফ ডরসেট’-এর প্রায় অক্ষত জীবাশ্ম

প্রায় ১৯ কোটি বছর আগে পৃথিবীর সমুদ্র শাসন করত এক বিশালাকার সামুদ্রিক সরীসৃপ, যার নাম ইচথিওসর। এদের নিয়ে গবেষণা চললেও, সম্প্রতি এদের একটি সম্পূর্ণ নতুন প্রজাতির প্রায় অক্ষত জীবাশ্ম হাতে পেয়ে কার্যত হতবাক বিজ্ঞানীরা। এই প্রজাতিকে আগে কখনও জীবাশ্ম হিসাবেও দেখতে পাওয়া যায়নি।

জুরাসিক যুগের এই সামুদ্রিক প্রাণিটি আকারে ছিল অনেকটা ডলফিনের মতো বড়। এর প্রায় সম্পূর্ণ দেহটির জীবাশ্ম উদ্ধার হয়েছে। সাধারণত এত পুরোনো জলজ প্রাণীর ভাঙা অংশ বা আংশিক জীবাশ্ম পাওয়া যায়। কিন্তু এই জীবাশ্মটি তার ব্যতিক্রম। বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন ‘সোর্ড ড্রাগন অফ ডরসেট’।

ব্রিটেনের ডরসেটে জুরাসিক উপকূলের কাছে বহু আগেই এই জীবাশ্মটি পাওয়া গিয়েছিল। তবে সম্প্রতি এটি নিয়ে বিশদ পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষার পরই বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি ইচথিওসরের একটি এমন প্রজাতি, যা তাদের কাছে সম্পূর্ণ নতুন। এর আগে জীবাশ্ম হিসাবেও এই বিশেষ ধরনের জলজ প্রাণীর কোনো অস্তিত্ব জানা ছিল না।

বিজ্ঞানীরা মনে করছেন, এই নতুন আবিষ্কার জীববিবর্তনের ইতিহাস লেখার ক্ষেত্রে এক বড় ভূমিকা নেবে। এই নতুন প্রজাতির বিস্তারিত তথ্য একটি আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই আবিষ্কার প্রমাণ করে, ১৯ কোটি বছর আগের পৃথিবীর জলজ জীববৈচিত্র্য আরও কত রহস্য লুকিয়ে রেখেছে।