“রাতে মেয়েদের বেরনো…”—মমতার মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক, মুখ্যমন্ত্রী বললেন, ‘ভুল ব্যাখ্যা’!

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা নিয়ে তাঁর মন্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা তাঁকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কিছু মন্তব্য করেন। পরবর্তীতে সেই মন্তব্য নিয়ে একাধিক সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন।
কলকাতায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, “অনেক জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে তাঁরা কেয়ার করে না। এমনকী নির্যাতিতাকে আদালতে যাওয়ার সময়ে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়।…আমরা এই ধরনের কোনও ঘটনাকে সমর্থন করি না। বাংলায় এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন। তাঁদের আমি অনুরোধ করব, রাতের বেলা বাইরে না বের হতে। কারণ পুলিশ তো জানতে পারে না, কে কখন রাতের বেলা বেরিয়ে যাচ্ছে।”
পাশাপাশি, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। তিনি বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজগুলির একটা দায়িত্ব আছে পড়ুয়াদের প্রতি যত্ন নেওয়ার। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায়… ঘটনার আমি নিন্দা করছি, যে যেখানে যেতে পারে, সেটা তাঁর অধিকার। কিন্তু হস্টেলের একটা সিস্টেম আছে।… আমি পুলিশকে বলেছি দ্রুত পদক্ষেপ করতে।” সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ইংরেজিতে এও বলেন, ‘বিশেষ করে মেয়েদের রাতে বেরনো উচিত নয়।’
মুখ্যমন্ত্রীর ‘বিশেষ করে মেয়েদের রাতে বেরনো উচিত নয়’ এবং ‘রাতের বেলা বাইরে না বের হতে’ এই মন্তব্যগুলি নিয়েই মূল বিতর্ক শুরু হয়। বিরোধীরা আসরে নেমে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তোলে। পাশাপাশি, পড়ুয়াদের নিরাপত্তার দায়িত্ব কেবল বেসরকারি কলেজের উপরে কেন চাপানো হলো, তা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আক্রমণ করে বলেন, “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার চরম পতনের দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। আশ্চর্যের বিষয় হলো, এখনও তিনি বেসরকারি মেডিক্যাল কলেজের উপর দোষ চাপিয়েছেন!”
বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রবিবার ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জে রিভিউ মিটিংয়ের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দমদম এয়ারপোর্টে আমি কিছু কথা বলেছি। আমার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আপনাদের অনুরোধ করছি, আমাকে আপনারা প্রশ্ন করবেন, তার পরে আমার উত্তরের ভুল ব্যাখ্যা করবেন…আমি ভাত খাই পুরোটা না বলে বলছেন, শুধু আমি ভাত…। এ সব রাজনীতি আমার সঙ্গে করার চেষ্টা করবেন না। আমি তো তাও সাংবাদিকদের মুখোমুখি হই, অনেকে তো সামনাসামনি হয় না।”