“রাতারাতি রাজবংশ ফেরে না!” ম্যান ইউয়ের খারাপ ফলের কারণ জানালেন মাইকেল ওয়েন, দিলেন বড় বার্তা

দীর্ঘ সময় ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League) জিততে না পারলেও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) যে একদিন শিরোপা জিতবেই, সে বিষয়ে পুরোপুরি আশাবাদী ক্লাবের প্রাক্তন তারকা ফুটবলার মাইকেল ওয়েন (Michael Owen)। তবে তাঁর মতে, কেবল ম্যানেজার বা খেলোয়াড় বদল করলেই দলের ভাগ্য ফিরবে না; সমস্যা লুকিয়ে আছে আরও গভীরে।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েন বলেন, “আমি ছোটবেলা থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সবসময় লিগ জিততে দেখেছি। ফলে সবাই কী ভাবছে, সেটা আমি বুঝতে পারছি। এই অবস্থা সাধারণ ঘটনা নয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভালো ফল করা উচিত।”

কাঠামো না বদলালে ফল বদলাবে না
ওয়েনের স্পষ্ট দাবি, এই ব্যর্থতার জন্য শুধু বর্তমান ম্যানেজারকে দোষ দিলে চলবে না। তিনি বলেন, “অ্যালেক্স ফার্গুসন (Alex Ferguson) দল ছাড়ার পর থেকে ওরা বারবার ম্যানেজার, ডিরেক্টর, খেলোয়াড়, এমনকী, মেডিক্যাল স্টাফও বদল করেছে। সবকিছুই বদল করা হয়েছে। কিন্তু তারপরেও যখন ভালো ফল হয়নি, তখন ফের সবকিছু বদল করা হয়েছে।”

ওয়েনের মতে, “কিন্তু যতদিন না উপর থেকে কাঠামোগত পরিবর্তন করা না হয়, ততদিন ফল বদলাবে না। বোর্ডরুম থেকে মাঠ পর্যন্ত সবাই যতদিন না একই দিশায় চলবে, ততদিন ফল বদলানো অসম্ভব।”

সাফল্য পেতে ধৈর্য ধরতে হবে: ওয়েন
সাবেক এই ফুটবলার মনে করেন, ম্যান ইউকে সাফল্যের জন্য ধৈর্য ধরতে হবে। তিনি আর্সেনাল (Arsenal) ও লিভারপুলের (Liverpool) উদাহরণ টেনে বলেন, “যখন আর্সেন ওয়েঙ্গার (Arsène Wenger) আর্সেনাল ছাড়েন, তখন ওদেরও সমস্যায় পড়তে হয়। লিভারপুলের স্বর্ণযুগ শেষ হওয়ার পরও ওদের একই অবস্থা হয়। সব দলের ক্ষেত্রেই এরকম খারাপ অবস্থা আসে।”

ওয়েন আরও বলেন, “রাতারাতি কোনো এক রাজবংশের বদলে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করা যায় না। সাফল্য পেতে হলে ধৈর্য ধরতেই হবে।”

তবে ম্যান ইউয়ের প্রত্যাবর্তন নিয়ে কোনো সংশয় নেই ওয়েনের মনে। তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, “একটা বিষয় প্রায় নিশ্চিত, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রত্যাবর্তন ঘটাবে। কিন্তু প্রশ্ন হল, ওরা কবে ফিরবে—দু’বছর, চার বছর, ছয় বছর বা হয়তো আট বছর পর, ওরা ফের প্রিমিয়ার লিগ জিতবে। কিন্তু নিশ্চিতভাবেই ওরা জিতবে।”

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ সাত ম্যাচ খেলে মাত্র ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা এখনই ছয় পয়েন্টে পিছিয়ে পড়েছে।