ক্যাশলেস, কন্ট্যাক্টলেস টিকিট, ‘মুম্বাই মেট্রো, লোকাল ট্রেন, BEST বাস—১১ পরিবহণ সংস্থার যাত্রা এখন ‘মুম্বাই ওয়ান’ অ্যাপে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মুম্বাইবাসীকে একগুচ্ছ বড় উপহার দিয়েছেন। নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং মুম্বাই মেট্রো লাইন-৩ (কোলাবা-বান্দ্রা-সিপজ) উদ্বোধনের পাশাপাশি তিনি ‘মুম্বাই ওয়ান’ (Mumbai One) নামে দেশের প্রথম কমন মোবিলিটি অ্যাপও চালু করেছেন।

‘মুম্বাই ওয়ান’ অ্যাপ: এক টিকিট, ১১ অপারেটর

মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA) দ্বারা চালু করা এই অ্যাপটি মুম্বাই মহানগর অঞ্চল (MMR)-এর ১১টি প্রধান পাবলিক ট্রান্সপোর্ট অপারেটরকে এক ছাতার নিচে এনেছে, যার মধ্যে মুম্বাইয়ের লাইফলাইন—উপনগরিয় রেল নেটওয়ার্কও অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে এই অ্যাপটি ডাউনলোড ও ব্যবহারের জন্য উপলব্ধ হয়েছে।

এই প্ল্যাটফর্মটি যাত্রীদের জন্য একাধিক ট্রানজিট অ্যাপ, কাগজের টিকিট বা বারবার বুকিংয়ের ঝামেলা দূর করে। এটি QR-ভিত্তিক ডিজিটাল টিকিটিংয়ের মাধ্যমে মেট্রো, লোকাল ট্রেন, মোনোরেল এবং বাস পরিষেবাগুলিতে ভ্রমণের সুবিধা দেয়, যা যাত্রীদের দৈনিক যাতায়াতকে সরল এবং দ্রুত করবে।

অ্যাপের প্রধান বৈশিষ্ট্য:

পরিবহণ সংযোগ: মেট্রো ও মোনোরেল লাইন (লাইন ১, ২এ, ৩ এবং ৭, মোনোরেল, এবং নভি মুম্বাই মেট্রো), মুম্বাই উপনগরীয় রেল, এবং BEST, TMT, MBMT, KDMT ও NMMT দ্বারা পরিচালিত প্রধান বাস পরিষেবাগুলিকে এটি সংযুক্ত করে।

স্মার্ট ফিচার: এতে রয়েছে একটি স্মার্ট জার্নি প্ল্যানার, যা রিয়েল-টাইম ডেটার ভিত্তিতে সবচেয়ে দ্রুত ও সাশ্রয়ী রুটের পরামর্শ দেয়।

নিরাপত্তা ও অন্যান্য সুবিধা: অ্যাপটিতে যাত্রীদের নিরাপত্তার জন্য ‘শেয়ার মাই লোকেশন’ এবং SOS ইমার্জেন্সি হেল্পলাইন-এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এটি হিন্দি, মারাঠি এবং ইংরেজি—এই তিনটি ভাষায় ব্যবহার করা যায়।

ক্যাশলেস লেনদেন: অ্যাপটি সমস্ত প্রধান ডিজিটাল ওয়ালেট এবং প্রিপেইড ব্যালেন্স সমর্থন করে, ক্যাশলেস এবং কন্ট্যাক্টলেস লেনদেনকে উৎসাহিত করে। এই অ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না, কারণ সমস্ত পরিচালন ব্যয় MMRDA বহন করবে।

অ্যাপটি প্রতিদিন ৫০ লক্ষ লেনদেন সামলাতে সক্ষম এবং PCI DSS-এর মানদণ্ডেও উত্তীর্ণ।

মুম্বাই মেট্রো লাইন-৩-এর শেষ পর্ব চালু

‘মুম্বাই ওয়ান’ অ্যাপ চালুর পাশাপাশি প্রধানমন্ত্রী মুম্বাই মেট্রো লাইন-৩ (অ্যাকোয়া লাইন)-এর শেষ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। মঙ্গলবার মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (MMRCL) ঘোষণা করেছে যে রেলওয়ে নিরাপত্তা কমিশনার থেকে সবুজ সংকেত পাওয়ার পর বৃহস্পতিবার থেকে এই লাইনে জনসাধারণের জন্য পরিষেবা শুরু হবে।

৩৩ কিলোমিটার দীর্ঘ এই লাইনের ২৭টি স্টেশনের মধ্যে ২৬টি ভূগর্ভস্থ। এই লাইনের শেষ অংশ, যাতে ১১টি নতুন স্টেশন অন্তর্ভুক্ত, তা বৃহস্পতিবার থেকে চালু হবে। নতুন ১১টি স্টেশন হলো: সায়েন্স সেন্টার, মহালক্ষ্মী, জগন্নাথ শঙ্কর শেঠ (মুম্বাই সেন্ট্রাল), গ্র্যান্ট রোড, গিরগাঁও, কালবা দেবী, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT), হুতাৎমা চক, চার্চগেট, বিধান ভবন এবং কফ প্যারেড।