বারবার নির্বাচন মানেই Model Code of Conduct-এর খাঁড়া! কীভাবে বছরে হাজার হাজার কোটি টাকা বাঁচাতে পারে ‘এক দেশ, এক নির্বাচন’ মডেল?

বুধবার রাঁচি বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল স্টাডিজ সেন্টার সভাগৃহে ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ (One Nation, One Election) বা ‘এক দেশ, এক নির্বাচন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনা সভার আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এই আলোচনা সভায় রাজ্যের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি সহ একাধিক শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
একসঙ্গে নির্বাচন: কেন প্রয়োজন?
আলোচনা সভার বক্তারা ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’-এর ধারণাটি বিশদে ব্যাখ্যা করেন। তাঁরা জানান, এই প্রস্তাবের অর্থ হল— লোকসভা, বিধানসভা এবং স্থানীয় স্তরের নির্বাচনগুলি একসঙ্গে করানো। এর মূল লক্ষ্য হলো— বারংবার নির্বাচনের কারণে সময়, অর্থ ও প্রশাসনিক ব্যবস্থার ওপর যে বিপুল চাপ পড়ে, তা হ্রাস করা। বক্তারা স্মরণ করিয়ে দেন যে, ১৯৫২ সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গেই হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে রাজ্য সরকারগুলি ভেঙে যাওয়ায় সেই ধারা আর বজায় থাকেনি। এবার কেন্দ্রীয় সরকার সেই পদ্ধতি ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে।
বিশাল রিপোর্ট জমা, সংসদে বিল
বক্তারা জানান, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ-পর্যায়ের কমিটি ২০২৪ সালের মার্চ মাসে ১৮,০০০ পৃষ্ঠার একটি বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেয়। এই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪ সালের ডিসেম্বরে ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিলটি অনুমোদন করে এবং সংসদে পেশ করে।
রাজ্য বিজেপি-র সভাপতি বাবুলাল মারান্ডি জোর দিয়ে বলেন, “একসঙ্গে নির্বাচন দেশের প্রশাসনিক দক্ষতা বাড়াবে এবং গণতন্ত্রকে আরও স্থিতিশীলতা দেবে। প্রতি কয়েক মাস অন্তর কোথাও না কোথাও ভোট হওয়ায় সরকারি যন্ত্র এবং সাধারণ মানুষ উভয়ের ওপরই বোঝা বাড়ে। দেশজুড়ে এক ভোট হলে শুধু সময় ও টাকাই বাঁচবে না, উন্নয়নমূলক কাজেও নিরবচ্ছিন্নতা বজায় থাকবে।”
খরচ কমবে, বাড়বে জিডিপি ও ভোট শতাংশ
আলোচনায় উঠে আসে যে, বারবার নির্বাচন হওয়ার কারণে মডেল কোড অফ কনডাক্ট (MCC) বা নির্বাচনী আচরণ বিধি প্রায়শই কার্যকর থাকে, যার ফলে বহু উন্নয়নমূলক কাজ থমকে যায়। অন্যদিকে, একসঙ্গে নির্বাচন হলে নির্বাচনী খরচ কমবে, প্রচারের সময়সীমা সীমিত হবে এবং প্রশাসনিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, যদি ২০২৯ সাল থেকে সারা দেশে একসঙ্গে নির্বাচন চালু করা হয়, তবে এর আনুমানিক খরচ হবে প্রায় ৭,৯৫১ কোটি টাকা, যা আলাদা আলাদাভাবে ভোট করানোর খরচের তুলনায় বহুগুণ কম। এর পাশাপাশি, একসঙ্গে নির্বাচন কার্যকর হলে ভোটদানের হার বাড়বে এবং দেশের জিডিপি (GDP) বৃদ্ধি ১.৫% পর্যন্ত বাড়তে পারে বলেও অনুমান করা হয়েছে।
শিক্ষাবিদ ও ছাত্র-ছাত্রীরা এই প্রস্তাবের সুবিধা ও চ্যালেঞ্জ নিয়েও নিজেদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। বক্তারা উপসংহারে বলেন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ কেবল একটি রাজনৈতিক সংস্কার নয়, এটি প্রশাসনিক স্বচ্ছতা এবং জনকল্যাণের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে।