নাগরাকাটার ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করছে বিজেপি! এসপি, ডিজি-কে দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গোছাতে বললেন শুভেন্দু

উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনা নিয়ে শাসক দল তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে যাওয়ার পর তিনি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষ এই হামলার ‘সুদ সহ বদলা’ নেবে।
হাইকোর্টে মামলা ও CBI/NIA তদন্তের দাবি
শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, নাগরাকাটার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আগামীকাল, বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করা হবে বিজেপির পক্ষ থেকে। নাগরাকাটার বিজেপি মণ্ডল সভাপতি এই মামলা করবেন।
তিনি আরও বলেন, “ছাব্বিশে এই রক্তের বদলা হবে, সুদ সহ উসুল করবে বাংলার মানুষ। বিজেপি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।”
প্রশাসনের প্রতি হুঁশিয়ারি: শুভেন্দু জানান, এসটি কমিশন এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন। তিনি বলেন, “জলপাইগুড়ির এসপি আর ডিজি রাজীব কুমার দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখুন। ডাক আসবেই।”
তদন্তের দাবি: তিনি আরও একবার রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর দাবিকে সমর্থন করে জানান, এই ঘটনায় সিবিআই (CBI) অথবা এনআইএ (NIA) তদন্ত হওয়া উচিত।
মুখ্যমন্ত্রীর আচরণের সমালোচনা
এদিন শিলিগুড়ির ওই হাসপাতালেই আহত সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই হাসপাতালেই চিকিৎসাধীন বিধায়ক শঙ্কর ঘোষকে তিনি দেখতে যাননি। মুখ্যমন্ত্রীর এই আচরণেরও কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী বলেন, “উনি (মুখ্যমন্ত্রী) একজনের সঙ্গে দেখা করেছেন একজনের সঙ্গে করেননি। উনি এখানে এসে প্রশ্ন তুলেছেন, কীভাবে লাগল? অথচ যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করছেন না!” তিনি জানান, মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে দলের অনেক কর্মী ক্ষুব্ধ ছিলেন, কিন্তু সৌজন্য বজায় রাখতে তিনি তাদের বিক্ষোভ না দেখাতে বলেছেন।