দুর্যোগ থামলেও কাটেনি আতঙ্ক, উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ২৮, দার্জিলিঙেই ২৩ জনের মৃত্যু!

উত্তরবঙ্গে টানা বৃষ্টির ফলে সৃষ্ট মহাপ্রলয়ের জেরে মৃতের সংখ্যা আরও বাড়ল। সরকারি তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আজ, সোমবার সকালে উত্তরবঙ্গে রোদ উঠলেও, স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি।

দার্জিলিংয়েই ২৩ জনের মৃত্যু
প্রাকৃতিক দুর্যোগের বলি হওয়া ২৮ জনের মধ্যে ২৩ জনই দার্জিলিং জেলার বাসিন্দা। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মিরিক ব্লকে। শুধুমাত্র মিরিকেই মৃত্যু হয়েছে ১১ জনের। এছাড়া, নাগরাকাটা অঞ্চলে মৃত্যু হয়েছে ৫ জনের।

প্রবল বৃষ্টি এবং ভূমিধসের কারণে উত্তরবঙ্গের একাধিক এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছিল। এখন বৃষ্টি কমায় ক্ষয়ক্ষতির আসল চিত্র সামনে আসতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গে
বৃষ্টি কমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও স্থানীয় বাসিন্দারা এখনও আতঙ্কে রয়েছেন। তাদের আশঙ্কা, আবারও বৃষ্টি শুরু হলে নতুন করে ধস নামতে পারে।

এই ভয়াবহ পরিস্থিতির মাঝে ক্ষতিগ্রস্ত এলাকা এবং দুর্গতদের সঙ্গে দেখা করতে আজ, সোমবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জলপাইগুড়ি, দার্জিলিং-সহ বিপর্যস্ত জেলাগুলির ক্ষয়ক্ষতি নিজের চোখে দেখবেন এবং প্রশাসনিক বৈঠক করবেন।