“ভারত যুদ্ধে চাইলে নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষে চাপা পড়বে!”, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারির জবাবে উগ্র হুঙ্কার পাক মন্ত্রীর!

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তার পরই চরম উগ্র সুরে প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফ। রবিবার ইসলামাবাদে এক জনসভায় তিনি সরাসরি ভারতকে হুমকি দিয়ে দাবি করেন, “ভারত যদি যুদ্ধ চায়, তবে তার নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে।”
ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের পরপর কঠোর মন্তব্যের জবাবে আসিফের এই উস্কানিমূলক মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে।
পাক মন্ত্রীর ‘০-৬ স্কোর’-এর আজব দাবি
খওয়াজা আসিফ অভিযোগ করেছেন, ভারতীয় সামরিক নেতৃত্বের সাম্প্রতিক বিবৃতি আসলে “তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা”। তিনি দাবি করেন, “এত বড় পরাজয়ের পরও তারা যদি আবার চেষ্টা করে, তবে এবার ফল আরও স্পষ্ট হবে।”
তিনি যে “০–৬ স্কোর”-এর কথা উল্লেখ করেছেন, তা পাকিস্তানের পক্ষ থেকে প্রচারিত একতরফা দাবি। তাদের দাবি, সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর সময় নাকি তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে। যদিও ইসলামাবাদ আজ পর্যন্ত এই দাবির সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেনি।
সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি: ‘মানচিত্র থেকে মুছে যাবে পাকিস্তান’
এর আগে ৪ অক্টোবর এক অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে চরম কড়া ভাষায় সতর্ক করেছিলেন। তিনি বলেন, রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ চালিয়ে গেলে পাকিস্তানকে “বিশ্ব মানচিত্রে তার অস্তিত্ব নিয়েই ভাবতে হবে।”
তিনি আরও জানিয়েছিলেন, ভবিষ্যতের সংঘাতে ভারত আর আগের মতো সংযম দেখাবে না। “এইবার আমরা এক ধাপ এগিয়ে পদক্ষেপ নেব, যাতে পাকিস্তান সিদ্ধান্ত নিতে বাধ্য হয়—সে আদৌ বিশ্ব মানচিত্রে থাকতে চায় কি না।”
রাজনাথ সিংয়ের পাল্টা জবাব: ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি
পাকিস্তানের এই উস্কানির জবাব দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। শুক্রবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারত প্রয়োজনে যেকোনোও সীমান্ত পেরিয়ে নাগরিকদের সুরক্ষা ও দেশের অখণ্ডতা রক্ষায় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।”
তিনি ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইক এবং সাম্প্রতিক ‘অপারেশন সিন্ধূর’-এর উল্লেখ করে বলেন, “পাকিস্তান যদি সির ক্রিক অঞ্চলে কোনো দুঃসাহসিকতা দেখায়, তবে প্রতিক্রিয়া এমন হবে যা ইতিহাসই নয়, ভূগোলও বদলে দেবে।”
বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংও সম্প্রতি দাবি করেছেন, ‘অপারেশন সিন্ধূর’-এ অন্তত এক ডজন পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পাকিস্তানের প্রচারিত ভারতীয় ক্ষয়ক্ষতির তথ্যকে “কল্পকাহিনি” বলে উড়িয়ে দেন।
পাহালগাম হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কের চরম অবনতি হয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখাসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রমবর্ধমান এই শব্দযুদ্ধ ইঙ্গিত দিচ্ছে, সীমান্তে সামান্য উস্কানিও এই অঞ্চলে বড় সংঘাতের আশঙ্কা তৈরি করছে।