পহেলগাম থিমের মণ্ডপ উদ্বোধনে ‘সোনার বাংলা’ গড়ার ঘোষণা শাহের, পাল্টা আক্রমণ শশী পাঁজার, কটাক্ষ ‘জয় শ্রী রাম’ নিয়েও!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শুক্রবারের কলকাতা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক যেন পিছু ছাড়ছে না। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ উদ্বোধনের আগেই সেখান থেকে অমিত শাহের পোস্টার গায়েব হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়। গেরুয়া শিবির সরাসরি তৃণমূলের (TMC) কারসাজির অভিযোগ তোলে।

এবার সেই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপিকে একহাত নিলেন রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

‘বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন’
এদিন সাংবাদিকদের শশী পাঁজা বলেন, “তৃণমূলকে বদনাম করতে চাইছে বিজেপি নেতা-কর্মীরা। শুধুমাত্র কলকাতা নয়, বরং রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেখতে পাবেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন বলেই তাঁর পোস্টার সরিয়ে বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো হয়েছে, এটা বলা ভুল। বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

এরপরেই তিনি বিজেপির ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়েও কটাক্ষ করেন।

‘জলমগ্ন কলকাতায় একজন বিজেপি কর্মীর দেখা মেলেনি’
সম্প্রতি কলকাতায় পাঁচ ঘণ্টার রেকর্ড বৃষ্টির পর শহর যখন জলমগ্ন ছিল, সেই প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেন শশী পাঁজা।

তিনি বলেন, “৩০০ মিলিমিটার রেকর্ড বৃষ্টির পর জলমগ্ন কলকাতায় একজন বিজেপি কর্মীকেও পথে নেমে পরিস্থিতির মোকাবিলা করতে দেখা যায়নি। তাঁরা বাড়িতে বসে শুধু কটাক্ষ করেছেন। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম-সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা পথে নেমে আবর্জনা সাফ করছিলেন।”

শাহের ‘সোনার বাংলা’ ঘোষণা
এদিন চেতলা অগ্রণীর ‘পহেলগাম জঙ্গি হামলার’ থিমের পুজো মণ্ডপ উদ্বোধনের পর অমিত শাহ ফের একবার “সোনার বাংলা” গড়ার ঘোষণা করেন।

তিনি বলেন, “আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছি, ২০২৬-এ সেই দলই যেন ক্ষমতায় আসে যারা সোনার বাংলা গড়ার ক্ষমতা রাখে। আমরা চাই বাংলা আবার সুরক্ষিত হোক।” পশ্চিমবঙ্গের মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর পাশাপাশি, মঙ্গলবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ১০ জনের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।