ফাইনালের আগে বিতর্কে সূর্যকুমার, ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের জেরে আইসিসি-র সতর্কবার্তা ও জরিমানা

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ফাইনালের ঠিক আগে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের পর করা তাঁর একটি মন্তব্যকে ঘিরে চরম বিতর্ক ছড়ায়। জানা গিয়েছে, এই মন্তব্যের জেরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সূর্যকুমারকে সতর্ক করে দিয়েছে এবং জরিমানা করেছে।

‘অপারেশন সিঁদুর’ ও শহিদদের প্রতি উৎসর্গ
১৪ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচে জয়ের পর সূর্যকুমার এই সাফল্য উৎসর্গ করেছিলেন পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ভারতীয়দের প্রতি। পাশাপাশি তিনি “অপারেশন সিঁদুর” প্রসঙ্গও তোলেন, যা ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক পাল্টা অভিযান, যেখানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল।

সূর্যকুমারের এই মন্তব্যেই আপত্তি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং সরকারিভাবে আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করে।

আইসিসি-র শাস্তি: ৩০% ম্যাচ ফি কর্তন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি করেন। সূত্রের খবর অনুযায়ী, ভারত অধিনায়ককে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ কাটার নির্দেশ দিয়েছে আইসিসি।

অন্য বিতর্কও পিছু ছাড়েনি
এই ম্যাচটিকে ঘিরে আরও দুটি বিতর্ক সামনে আসে:

১. করমর্দন বিতর্ক: পাকিস্তান অভিযোগ করে, টসের পর দুই অধিনায়ক করমর্দন না করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে দায়ী করা হয়। এমনকি তাঁর অপসারণের দাবিও তোলে পাকিস্তান। যদিও আইসিসি এই দাবি নস্যাৎ করে জানায়, পাইক্রফ্ট এমন কোনও নির্দেশ দেননি।

২. দেরিতে মাঠে প্রবেশ: এই ঘটনার পরে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে পাকিস্তান দল নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে মাঠে আসে। পাকিস্তান বোর্ড দাবি করে, পাইক্রফ্ট নাকি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু আইসিসি সেই দাবিকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করে স্পষ্ট জানিয়ে দেয়, এমন কোনও ঘটনা ঘটেনি।

এশিয়া কাপ ফাইনালের আগেই ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের উত্তেজনা ফের একবার প্রকাশ্যে চলে এল।