মার্কিন শুল্কের ভয়ে পুতিনকে ফোন মোদির? নেটো প্রধানের চাঞ্চল্যকর দাবি ‘মিথ্যা’, চরম হুঁশিয়ারি দিল বিদেশ মন্ত্রক!

ভারত ও রাশিয়ার সু-সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে সরগরমের মধ্যেই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (নেটো)-এর প্রধান মার্ক রুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করলেন। তিনি দাবি করেন, আমেরিকার শুল্কের কোপে পড়ে মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর কৌশল জানতে চেয়েছিলেন।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নেটো প্রধানের এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান।

‘ভিত্তিহীন জল্পনা’: নেটো প্রধানকে হুঁশিয়ারি
মার্ক রুট আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ভারতের ওপর যে শুল্ক চাপিয়েছে, তার বড় প্রভাব পড়তে চলেছে রাশিয়ার ওপর। এই নিয়ে নয়াদিল্লি থেকে প্রেসিডেন্ট পুতিনকে ফোন করা হয়েছিল।

তাঁর এই দাবি উড়িয়ে দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নেটো প্রধানের এই মন্তব্য তথ্যের দিক দিয়ে পুরোপুরি ভুল এবং সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট পুতিনকে এরকম কোনও ফোন করেননি। এধরনের কোনও কথাবার্তাও তাঁদের মধ্যে হয়নি। আমরা আশা করি, নেটোর মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থার নেতৃত্ব তাঁর দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকবেন এবং প্রকাশ্যে বিবৃতি দেওয়ার সময় একেবারে সঠিক তথ্য পরিবেশন করবেন।”

জয়সওয়াল এদিনও স্পষ্ট করে দেন, “ভারত তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার্থে যা যা ব্যবস্থা অবলম্বন করা দরকার, তা করবে।”

রাশিয়ার সেনাবাহিনীতে আটকে ভারতীয়রা
এদিনের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে রণধীর জয়সওয়াল রাশিয়ার সেনাবাহিনীতে আটকে থাকা ভারতীয়দের বিষয়টিও উল্লেখ করেন। তিনি জানান, ২৭ জন ভারতীয় নাগরিককে রাশিয়ার সেনাবাহিনী থেকে মুক্তি দেওয়ার জন্য ভারত রাশিয়ার সঙ্গে কথা বলেছে। নয়াদিল্লি আরও জানতে পেরেছে, আরও অনেক ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে ‘ভাড়াটে সেনার’ কাজ করছেন।

তিনি বলেন, “আমরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আবারও সব ভারতীয়ের কাছে আর্জি জানাচ্ছি, রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাবের ফাঁদে পা দেবেন না। এই কাজ অত্যন্ত বিপজ্জনক এবং জীবনের ঝুঁকি রয়েছে।”