নীরবতা ভাঙল কালীঘাটে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ শোভন, কী বললেন প্রাক্তন মেয়র?

দীর্ঘদিন ধরে রাজনীতির মূল মঞ্চ থেকে কার্যত আড়ালে ছিলেন একসময়ের কলকাতার প্রভাবশালী নেতা ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। উৎসব-অনুষ্ঠানে বা মুখ্যমন্ত্রীর ভাইফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা গেলেও, তৃণমূলের কোনও দলীয় কর্মসূচি বা রাজনৈতিক কার্যকলাপে তাঁকে আর দেখা যাচ্ছিল না। মেয়র পদে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও সেখানেও ক্রমে তৈরি হয় দূরত্ব, ফলে রাজনীতির ময়দানে নেমে আসে একরকম নীরবতা।
তবে বৃহস্পতিবার দুপুরে সেই নীরবতা ভাঙল। কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক করলেন শোভন চট্টোপাধ্যায়। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়।
বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) স্পষ্ট জানান, তিনি ফের দলে সক্রিয়ভাবে কাজ করতে চান। অভিষেকের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমরা ভাবি, আমাদের বয়স হয়ে গিয়েছে, সবটা জেনে ফেলেছি। কিন্তু অভিষেকের যে চিন্তা, যেভাবে কাজের প্রসেস তৈরি করে এবং তা বাস্তবায়িত করে, তা দেখে আমি মুগ্ধ। এখনও শেখার অনেক বাকি।”
তাঁর মতে, অভিষেকের পরিকল্পনা ও নেতৃত্ব তৃণমূলকে নতুন মাত্রা দিচ্ছে, আর সেই কাজের অংশীদার হতে চান তিনিও।
শোভন এদিন আরও বলেন, “যেভাবে পরিকল্পনা করছেন অভিষেক এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেগুলো বাস্তবায়িত করার প্রয়াস দেখেছি। তাই দেখা করতে চেয়েছিলাম। দল সময় দিয়েছে, আজ দীর্ঘক্ষণ আলোচনা করেছি।” এরপরেই তিনি পুনরায় দলের প্রতি তাঁর আবেগ প্রকাশ করে জানান, “আমি এখনও ওই পরিবারের একজন মানুষ হিসেবে নিজেকে মনে করি। আর একটু এগোতে পারলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না।”
একসময় মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়লেও, বৃহস্পতিবার কালীঘাটের বৈঠকের পর প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজেই দলে সক্রিয়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করায় রাজনৈতিক মহলের ধারণা, পুজোর পর তাঁর দলীয় রাজনীতিতে ফের সক্রিয় ভূমিকা নেওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন শুধু ভাইফোঁটার সময় মমতার সঙ্গে যোগাযোগ থাকলেও, এবার কি রাজনীতির মাঠেও তিনি শক্তভাবে নামতে চলেছেন? এই প্রশ্ন এখন তৃণমূলের অন্দরমহল থেকে রাজনৈতিক মহল জুড়ে ঘুরছে।