পুজোর ৪ দিন বৃষ্টি কেমন হবে? দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি, আর উত্তরবঙ্গের জন্য কী জানাল আবহাওয়া দপ্তর?

শারদ উৎসবের ঠিক মুখে আবহাওয়ার লাগামছাড়া ‘মুড সুইং’ ভোগাচ্ছে দক্ষিণবঙ্গকে। কখনও ভারী বৃষ্টিতে ভাসছে এলাকা, আবার কখনও দুর্যোগ কাটিয়ে উঁকি দিচ্ছে রোদ। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর সময়ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও বর্তমান নিম্নচাপটি আর কিছুক্ষণের মধ্যেই দুর্বল হয়ে পড়বে, যার জেরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে স্বস্তি বেশি দিন টিকবে না।
চতুর্থী থেকে ষষ্ঠী: ফের বৃষ্টি
আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে, ফের দুটি নিম্নচাপ চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে ২৬ সেপ্টেম্বর, অর্থাৎ চতুর্থীর দিন থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদলানোর সম্ভাবনা রয়েছে। নতুন নিম্নচাপ তৈরি হলে তা ষষ্ঠী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জাগিয়ে তুলবে। বিশেষত শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে।
পঞ্চমীর দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় গোটা দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি থাকবে।
সপ্তমী-অষ্টমীতেও কি ভিজবে শহর?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠীর দিনও দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি থাকবে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে, সপ্তমী ও অষ্টমীর দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বরের আশেপাশে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যদিও সে বিষয়ে স্পষ্ট আপডেট এখনও মেলেনি।
উত্তরবঙ্গের আবহাওয়া:
দক্ষিণে যখন বৃষ্টির ভ্রুকুটি, তখন উত্তরবঙ্গে সমানে বাড়ছে গরম। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত আর ভারী বৃষ্টি হবে না এবং তাপমাত্রা বাড়বে।