বিশ্বাসঘাতকতা নাকি প্রতিশোধ, গুজরাতে সামান্য তর্কাতর্কি থেকে নৃশংস খুন! মৃত্যুর আগে বয়ান দিয়ে গেলেন নিহত প্রিন্স

সোশ্যাল মিডিয়ার সামান্য একটি ‘হাসির ইমোজি’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরিণতি হল ভয়ানক। গুজরাতের কর্মসূত্রে থাকা বিহারের এক যুবককে ধারাল অস্ত্রের কোপে নৃশংসভাবে খুন করা হয়েছে। নিহতের নাম প্রিন্স (২০)। এই ঘটনায় গুজরাতের শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
যেভাবে শুরু হলো নৃশংসতার সূত্রপাত
পুলিশ সূত্রে খবর, প্রায় চার মাস আগে প্রিন্সের দাদু মারা যান। সেই সময় প্রিন্স তাঁর ফেসবুক হ্যান্ডেলে দাদুর স্মৃতিতে একটি স্টোরি শেয়ার করেছিলেন। প্রিন্সের পরিচিত এবং বিহারের বাসিন্দা বিপিন কুমার নামের এক যুবক সেই পোস্টটিতে ‘হাসির ইমোজি’ ব্যবহার করেন। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। প্রথমে দুজনের মধ্যে ফোনে তীব্র তর্কাতর্কি হয়, যা পরে নৃশংস হত্যাকাণ্ডের দিকে মোড় নেয়।
কারখানার সামনেই খুন
গত ১২ সেপ্টেম্বর প্রিন্স নিজের কারখানার বাইরে অটোতে বসেছিলেন। সেই সময় বিপিনকে তাঁর দিকে আসতে দেখে প্রিন্স কারখানার ভিতরে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত ব্রিজেশ তাঁর পথ আটকে দাঁড়ায়। এরপরই মূল অভিযুক্ত বিপিন ধারাল অস্ত্র দিয়ে প্রিন্সের শরীরে পরপর কোপ মারে।
রক্তাক্ত অবস্থায় প্রিন্সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং গুরুতর জখমের কারণে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং পরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে অবশ্য প্রিন্স নিজের বয়ান রেকর্ড করে যান। সেই বয়ানের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
বর্তমানে মূল অভিযুক্ত বিপিনকে গ্রেফতার করা গেলেও, ঘটনার সঙ্গে জড়িত আরেক অভিযুক্ত ব্রিজেশ এখনও পলাতক। পুলিশ তাকে দ্রুত খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে। সামান্য একটি ইমোজি নিয়ে হওয়া এই হত্যাকাণ্ড ফের একবার সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও তার বিপজ্জনক পরিণতি নিয়ে প্রশ্ন তুলে দিল।