বিশেষ: ৫০ কোটি বছর আগের রহস্যময় ঘটনা, কেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল প্রাণের অস্তিত্ব?

পৃথিবী থেকে যদি কোনোদিন অক্সিজেন সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যায়, তবে কী হবে? এমন একটি ভয়ংকর পরিস্থিতি ঘটেছিল প্রায় ৫৫০ মিলিয়ন বছর, বা ৫০ কোটি বছর আগে। সেই সময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায় সমস্ত প্রাণীকুল। এতদিন ধরে গবেষণার পর বিজ্ঞানীরা এই গণবিলুপ্তির কারণ হিসেবে একটি চাঞ্চল্যকর সিদ্ধান্তে পৌঁছেছেন—পৃথিবী থেকে হঠাৎ করেই অক্সিজেন নিঃশেষ হয়ে গিয়েছিল।

কেন ঘটেছিল এমন ঘটনা?

‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এই গণবিলুপ্তির ঘটনা ঘটেছিল এডিয়াকারান পিরিয়ডের (Ediacaran Period) শেষে। সে সময় বাতাসে অক্সিজেনের মাত্রা এমনভাবে কমে গিয়েছিল যে তা অনেক প্রাণীর জীবনধারণের জন্য যথেষ্ট ছিল না। গবেষকরা বিলুপ্তির আগে ও পরের জীবাশ্মগুলো বিশ্লেষণ করে দেখেছেন যে, অক্সিজেনের অভাবের কারণে প্রাণীদের শারীরিক গঠন ও আচরণে ব্যাপক পরিবর্তন এসেছিল।

ভার্জিনিয়া টেক কলেজ অফ সায়েন্সের গবেষক স্কট ইভান্সের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি দেখায় যে, বৈশ্বিক উষ্ণায়ন ও অক্সিজেনের অভাবের মতো পরিবেশগত পরিবর্তনগুলো প্রাণীদের বিলুপ্তি ও গভীর ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।

অক্সিজেন কেন হারিয়েছিল পৃথিবী?

বিজ্ঞানীরা এখনও পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডল থেকে হঠাৎ করে অক্সিজেন কমে যাওয়ার সঠিক কারণটি সম্পূর্ণরূপে বুঝতে পারেননি। এটি সম্ভবত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, টেকটোনিক প্লেটের গতি, বা কোনো উল্কাপিণ্ডের আঘাতের মতো একাধিক ঘটনার সম্মিলিত প্রভাবে ঘটেছিল।

এই গণবিলুপ্তির ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। পরিবেশের সামান্যতম পরিবর্তনও আমাদের গ্রহের জীবনচক্রকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তাই বিজ্ঞানীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন এবং উষ্ণায়ন রোধ করা এখন আরও বেশি জরুরি।