রেললাইনে হাঁটু জল! রাতভর বৃষ্টিতে শহরে বাস পরিষেবার অবস্থা কী জানেন?

অবিরাম বৃষ্টির জেরে বিপর্যস্ত কলকাতা এবং সংলগ্ন এলাকার রেল পরিষেবা। সোমবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা।
শিয়ালদহ স্টেশন ও হাওড়া ইয়ার্ডে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল প্রায় বন্ধ। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। হাওড়া ও শিয়ালদহ থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল আপ হাজারদুয়ারি এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড, গণদেবতা এবং রাঁচি শতাব্দী এক্সপ্রেস। এছাড়া, বনগাঁ ও হাসনাবাদ লাইনের পরিষেবাও বিঘ্নিত হয়েছে। বহু লোকাল ট্রেন বাতিল হওয়ায় অফিসযাত্রীরা চরম সমস্যায় পড়েছেন।
রেলের পাশাপাশি বাস ও ট্যাক্সি পরিষেবাও প্রায় অচল। বেসরকারি বাস রাস্তায় নামেনি বললেই চলে। সরকারি বাসের সংখ্যাও হাতে গোনা। অনেক অটো ও ট্যাক্সি জলের তলায় আটকে রয়েছে। ফলে যাত্রীরা অন্য কোনো উপায়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তারকেশ্বর ও বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা অনিয়মিত। প্রায় সব লাইনেই ট্রেন চলছে দেরিতে। হাওড়ার ৯টি পয়েন্ট বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। পাম্পের সাহায্যে রেললাইন থেকে জল বের করার চেষ্টা চলছে, কিন্তু দুর্ভোগের শেষ নেই।