জলমগ্ন কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! শহরের মৃতের সংখ্যা বেড়ে ৫

জলমগ্ন কলকাতার বুকে ফের মর্মান্তিক ঘটনা। কালিকাপুর অভিষিক্তা মোড়ের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম রাম গোপাল পণ্ডিত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তায় ঝুলে থাকা একটি বিদ্যুতের তারে সাইকেল নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই নিয়ে শহর কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।
ভারী বৃষ্টির জেরে কলকাতার বহু এলাকা এখনও জলমগ্ন। অভিষিক্তা মোড় থেকে যাদবপুর পর্যন্ত হাঁটু সমান জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে সিইএসসি ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। যাদবপুর ছাড়াও বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুর, কালিকাপুর এবং নেতাজি নগরেও একই ধরনের দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দমকল এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
শুধু সড়কপথ নয়, রেল পরিষেবাও বিপর্যস্ত। লাইনে জল জমে থাকায় চক্ররেল এবং শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই দুর্ভোগে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। শহরের মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।