পর পর করা হলো গুলি, এবার বাংলায় খুন পরিযায়ী শ্রমিক

জমির বিবাদ নিয়ে মামলার শুনানিতে দিল্লি থেকে আলিপুরদুয়ারে এসেছিলেন এক পরিযায়ী শ্রমিক। বাড়ি ফেরার পথে তাঁকে গুলি করে খুন করা হল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের লতাবাড়িতে। মৃতের নাম সুভাষ কুজুর (৪০)। জানা গিয়েছে, তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে, যার মধ্যে একটি মাথায় লাগে। দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরিবারের অভিযোগ, এটি নিছক খুন নয়, বরং সুপরিকল্পিত হামলা। তাদের দাবি, জমির বিবাদকে কেন্দ্র করে আত্মীয়রাই ভাড়াটে খুনি দিয়ে সুভাষকে খুন করিয়েছেন। পরিবারের একজন সদস্যের বিরুদ্ধে তৃণমূল কর্মী হওয়ার অভিযোগও উঠেছে, তবে পুলিশ এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই বলে জানিয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় সুভাষকে দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব হাসপাতালে পৌঁছে যান। নিহতকে নিজেদের দলের কর্মী বলে দাবি করেন বিজেপি নেতা শঙ্কর সিনহা। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।