পুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ? দুই বড় পুজো নিয়ে জল্পনা তুঙ্গে!

দুর্গাপুজোর মরশুমে জমে উঠেছে রাজ্যের রাজনীতি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই শেষ দুর্গাপুজো, তাই উৎসবের আবহেও রাজনৈতিক মহলে উত্তাপ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন পুজোর উদ্বোধন শুরু করেছেন। এবার শোনা যাচ্ছে, সেই তালিকায় নাম লেখাতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিজেপি সূত্রে খবর, চতুর্থীর দিন, অর্থাৎ আগামী শুক্রবার তিনি কলকাতায় আসতে পারেন।
অমিত শাহের সম্ভাব্য কর্মসূচি
বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার দুটি বড় পুজোর উদ্বোধন করতে পারেন। এর মধ্যে একটি হল সন্তোষ মিত্র স্কোয়ার, যা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত। দ্বিতীয়টি হলো লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজো। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, অমিত শাহের আসার কথা আছে, তবে চূড়ান্ত কর্মসূচি এখনও নির্ধারণ হয়নি।
বিজেপি-তৃণমূল তরজা
পুজোর উদ্বোধন নিয়ে বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, বাংলার সংস্কৃতির সঙ্গে নিজেদের যুক্ত করতে বিজেপি এখন পুজোর মঞ্চ ব্যবহার করছে। অন্যদিকে, তৃণমূলের হেভিওয়েট নেতারা রাজ্যের প্রায় সব বড় পুজোর পৃষ্ঠপোষক। এই প্রেক্ষাপটে সন্তোষ মিত্র স্কোয়ারের মতো কিছু পুজোয় বিজেপির উপস্থিতি রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি EZCC-তে বিজেপির পুজোর উদ্বোধন করেছিলেন। তবে গত দুই বছর সেই পুজো আর হয়নি। এবার শোনা যাচ্ছে, EZCC-তে পুজো হলেও সেটি অমিত শাহের কর্মসূচির তালিকায় নেই। সেখানে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর।