পুজোর আনন্দ মাটি! ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় ভাসবে বাংলা, ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোর আগেই রাজ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে দুর্যোগের কালো মেঘ জমতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একাধিক জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আজ মঙ্গলবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। বুধ ও বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গেও এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল অর্থাৎ মঙ্গল ও বুধবার মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনি ও রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
গত সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। আজ মঙ্গলবার শহরের আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।