৭ বছর পর ন্যায় পেলেন যামিনী, স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সাত বছর আগে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় অবশেষে রায় ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। অভিযুক্ত স্বামী ভীম মল্লিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১৪ জুলাই তারিখে, ঝাড়গ্রামের পুকুরিয়ার লোধাপাড়ায়। পাড়া-প্রতিবেশীদের সূত্রে জানা যায়, ভীম মল্লিক তার স্ত্রী যামিনী মল্লিককে প্রায়ই মারধর করত। ঘটনার দিন তাদের মধ্যেকার বচসা চরম পর্যায়ে পৌঁছালে ভীম তার স্ত্রীকে বাড়ির পাশের গোয়ালঘরে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
যামিনীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সেদিনই নিহত মহিলার মেয়ে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ভীম মল্লিককে গ্রেফতার করে আদালতে পেশ করে। দীর্ঘ সাত বছর ধরে এই মামলার বিচার প্রক্রিয়া চলার পর সোমবার ঝাড়গ্রাম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।