বিমান হাইজ্যাকের চেষ্টা, ককপিটে ঢোকার চেষ্টা দুই যাত্রীর, সঠিক পাসওয়ার্ড দিয়ে হতবাক পাইলট

বেঙ্গালুরু থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে ককপিটের দরজা খোলার চেষ্টা করেছেন দুই যাত্রী। শুধু তাই নয়, তাঁরা সঠিক পাসওয়ার্ডও দিয়েছিলেন। হাইজ্যাকিংয়ের আশঙ্কায় পাইলট দ্রুত দরজা বন্ধ করে দেন এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে বিষয়টি জানান। বারাণসীতে বিমানটি অবতরণের পর ওই দুই যাত্রীসহ মোট নয়জনকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণ
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি সোমবার সকাল ৮টা ১৪ মিনিটে বেঙ্গালুরু থেকে রওনা হয়। অভিযোগ, বিমান বারাণসীতে অবতরণের আগেই দুই যাত্রী ককপিটের দরজা খোলার চেষ্টা করেন এবং সঠিক পাসওয়ার্ড দেন। এরপর পাইলটের কাছে একটি বার্তা যায়, কিন্তু সিসিটিভি ক্যামেরায় দুই যাত্রীকে দেখে তিনি আতঙ্কিত হয়ে দরজা খোলেননি। কেবিন ক্রুরা তাদের বাধা দিতে গেলে তারা ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরিস্থিতি সামাল দিয়ে তাদের আসনে বসানো হয়।
পুলিশি তদন্ত
বারাণসীর ডিসিপি আকাশ প্যাটেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বারাণসী বিমানবন্দরে বিমানটি অবতরণের পর দুই যাত্রীসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং এটিএস-এর কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
আটকে থাকা যাত্রীরা দাবি করেছেন যে, তারা টয়লেট ব্যবহার করতে গিয়ে ভুল করে ককপিটের দরজা খোলার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তারা এই বিষয়ে যথেষ্ট সন্দিহান। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যাত্রীরা ককপিটের গোপন পাসওয়ার্ড কীভাবে পেলেন। এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।